এভারেস্টে সর্বস্বান্ত বসিরহাটের ২৯ পর্বতারোহী! ফিরতে আকুতি হেলিকপ্টার উদ্ধারের
November 1, 20265:56 pm

বসিরহাটের ‘ট্রাভেলার্স গিল্ড’ সংস্থার উদ্যোগে গত ২১ অক্টোবর এভারেস্ট ট্র্যাকিংয়ে রওনা দিয়েছিলেন ২৯ জন পর্বতারোহী। গত ৩০ অক্টোবর তাঁদের মধ্যে ১৯ জন ডিংবোচে বেসক্যাম্পের একটি হোটেলে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগে যায়। বরাত জোরে পর্যটকরা অক্ষত থাকলেও চোখের নিমিষে ভস্মীভূত হয়ে যায় তাঁদের নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথি এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী।
বর্তমানে তাঁরা পাশের একটি হোটেলে কোনোমতে আশ্রয় নিলেও চরম সংকটে দিন কাটাচ্ছেন। তীব্র ঠান্ডার মাঝে পর্যাপ্ত গরম পোশাক, বরফে হাঁটার উপযুক্ত জুতো বা অর্থ—কোনোটিই তাঁদের কাছে নেই। এই চরম বিপদের মুখে পড়ে দ্রুত নিরাপদে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে জরুরি ভিত্তিতে হেলিকপ্টার উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন আতঙ্কিত পর্বতারোহীরা।