চোখে চোখ রেখে রক্তক্ষয়ী সংঘর্ষ তেহট্টে, জমি বিবাদে রণক্ষেত্র এলাকা, গুলি ও ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ১০

হোগলবেড়িয়ার কালীগাঙ্গি গ্রামে প্রায় বারো বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরম আকার ধারণ করায় এলাকাটি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আইনি প্রক্রিয়াধীন ও রেকর্ডভুক্ত জমি জবরদখল করার চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। পুরনো কাগজপত্রের বৈধতা দাবি করে এক পক্ষ জোরপূর্বক জমি দখল করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। বাঁশ ও লাঠির পাশাপাশি ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ এবং শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ভয়াবহ হামলায় মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে দশজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত কৃষ্ণনগরে স্থানান্তর করা হয়েছে এবং বাকিরা করিমপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একটি পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। জমি সংক্রান্ত আইনি জটিলতা এবং পূর্বের বিরোধের জেরেই এই নৃশংস আক্রমণ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।