ইস্টবেঙ্গলেই থাকছেন আনোয়ার! চেন্নাইয়িন ম্যাচে কেন নেই তারকা ডিফেন্ডার?

ইস্টবেঙ্গলেই থাকছেন আনোয়ার! চেন্নাইয়িন ম্যাচে কেন নেই তারকা ডিফেন্ডার?

 

ইস্টবেঙ্গলেই থাকছেন আনোয়ার আলি, শুনানি স্থগিত করল ‘ক্যাস’

নিজস্ব প্রতিবেদক:
আপাতত ইস্টবেঙ্গল এফসি-তেই খেলার অনুমতি পাচ্ছেন আনোয়ার আলি। মঙ্গলবার সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘ক্যাস’ (CAS) জানিয়েছে, আগামী পাঁচ মাসের জন্য এই সংক্রান্ত শুনানি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

ক্যাসের নির্দেশ অনুযায়ী, এআইএফএফ-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি অথবা আপিল কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উভয় পক্ষকে তাদের যুক্তি পেশ করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে বা মোহনবাগান তাদের সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে, তারা পুনরায় ক্যাসের দ্বারস্থ হতে পারবে।

উল্লেখ্য, ২০২৪ সালে মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকাকালীন ইস্টবেঙ্গলে যোগ দেন আনোয়ার আলি। মোহনবাগানের অভিযোগ ছিল, আনোয়ার চুক্তিভঙ্গের কোনো সদুত্তর দিতে পারেননি এবং এআইএফএফ-এর সংবিধানের ১৫ ও ২০ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। প্রাথমিকভাবে ফেডারেশন আনোয়ারের ইস্টবেঙ্গলে খেলার পক্ষে রায় দিলেও, তার বিরুদ্ধে ক্যাসে আবেদন জানিয়েছিল মোহনবাগান। এই বিতর্কিত পরিস্থিতির রেশ তিন বছর ধরে চললেও এখনো কোনো চূড়ান্ত মীমাংসা হয়নি।

এদিকে, মাঠের লড়াইয়ে আপাতত বড় ধাক্কা খেলেন আনোয়ার। আল সিবের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার কারণে চেন্নাইয়িন এফসি-র বিপক্ষে আসন্ন ম্যাচে তিনি খেলতে পারবেন না। ইস্টবেঙ্গল সূত্রে খবর, ফুটবলারের এমআরআই করানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পরই তাঁর রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হবে। চোট গুরুতর হওয়ায় তিনি ভারতীয় দলের হয়ে আসন্ন নিউ জিল্যান্ড সফরেও যেতে পারছেন না। রিপোর্ট না আসা পর্যন্ত তাঁর অনুপস্থিতির সময়সীমা স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *