সরিষায় কার্যালয়ে সাজানো প্রমাণের চক্রান্ত! হুঙ্কার ছাড়লেন অভিষেক

সরিষায় মিথ্যা মামলা সাজানোর অভিযোগ: জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিষেকের
নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বেআইনি বস্তু রেখে মিথ্যা মামলা সাজানোর অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে ‘ন্যায়বিচারকে নস্যাৎ করার ও আইনের শাসনকে বিপথে চালিত করার নির্লজ্জ অপপ্রয়াস’ বলে অভিহিত করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছেন, এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের ব্যক্তিগতভাবে এই জালিয়াতি, তথ্য বিকৃতি ও ক্ষমতার অপব্যবহারের দায় বহন করতে হবে। তিনি নাম না করে প্রশাসনের একাংশ ও রাজনৈতিক প্রভাবশালীদের নিশানা করে বলেন, সরকারি পদমর্যাদা, পুলিশি ক্ষমতা কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ আইনি ব্যবস্থার হাত থেকে রেহাই পাবেন না। জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সরিষা কার্যালয়ে জিনিসপত্র রেখে মিথ্যা মামলা সাজিয়ে দলকে হেয় করার এই কৌশলের কোনো ভিত্তি নেই। দলীয় সূত্রে জানানো হয়, গত ২১ মে কার্যালয় ভাঙচুরের ঘটনার পর তৃণমূল প্রতিনিধি মইদুল ইসলাম পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সেই এফআইআরেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীরা কার্যালয়ের ভেতরে বেআইনি বস্তু রেখে দলকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। বর্তমান ঘটনাপ্রবাহ সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করছে বলে দাবি তৃণমূলের।
ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করলেও, কার্যালয়ে ‘বাইরে থেকে আনা তথাকথিত প্রমাণের’ ভিত্তিতে তৎপরতা দেখানোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন অভিষেক। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যেসব আধিকারিক বা ব্যক্তি এই বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত, তাঁদের প্রত্যেকের ভূমিকা নথিবদ্ধ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সত্য উদঘাটিত না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস রাজনৈতিক, আইনি ও গণতান্ত্রিক পথে এই লড়াই অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ।