প্রকাশিত সিবিএসই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি, ফেব্রুয়ারিতেই শুরু দশম ও দ্বাদশের পরীক্ষা!

প্রকাশিত হলো সিবিএসই-র ২০২৭ সালের বোর্ড পরীক্ষার সময়সূচি
নিজস্ব প্রতিবেদন: ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সিবিএসই)। সর্বভারতীয় অন্যান্য পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।
পর্ষদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উভয় শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৯ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ২০২৭ সালে দশম শ্রেণিতে মোট ৮৩টি এবং দ্বাদশে ১২১টি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ সূচি:
দশম শ্রেণির ক্ষেত্রে ১৬ ফেব্রুয়ারি পেন্টিং, ১৭ ফেব্রুয়ারি অঙ্ক, ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, ৩ মার্চ হিন্দি এবং ৮ মার্চ সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে।
অন্যদিকে, দ্বাদশের ক্ষেত্রে ১৬ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা, ২৭ ফেব্রুয়ারি রসায়ন, ৫ মার্চ ইংরেজি, ৯ মার্চ গণিত, ১৬ মার্চ অর্থনীতি, ২৫ মার্চ জীববিজ্ঞান, ২৭ মার্চ ইতিহাস এবং ১ এপ্রিল বিজনেস স্টাডিজের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা বিস্তারিত সূচি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ দেখতে পাবেন।
পর্ষদ জানিয়েছে, আগামী বছর দশম ও দ্বাদশ মিলিয়ে মোট ৪৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। এর মধ্যে দশম শ্রেণিতে ২৬ লক্ষ এবং দ্বাদশ শ্রেণিতে ১৯ লক্ষের বেশি শিক্ষার্থী রয়েছে। পরীক্ষার প্রায় সাড়ে তিন মাস আগেই এই সময়সূচি ঘোষণা করা হলো।
অপরদিকে, জনগণনার কাজে শিক্ষকদের ব্যস্ততার কারণে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে শীঘ্রই নতুন চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।