‘আমাদের বাড়িতে হামলা, শরীরের ওপর দিয়ে বুলডোজার চালাও!’—ক্ষোভে ফুঁসছেন মমতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, সরব মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন এলাকায় শুক্রবার গভীর রাতে দফায় দফায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠল। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার রাত ২টো থেকে ৩টের মধ্যে দুষ্কৃতীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় এবং তাঁকে অপহরণের চেষ্টাও করা হয়। তিনি বলেন, “তাণ্ডব চালানো হয়েছে। অভিষেককে অপহরণ করার চেষ্টাও হয়েছিল।” এ সময় তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, “বুলডোজার দিয়ে অত্যাচার চালানো হচ্ছে। আমার বুকে বুলডোজার চালানোর সাহস দেখাক, আমরাও দেখতে চাই তাদের কত ক্ষমতা।”
নিজের বাড়ির সামনে আয়োজিত পুজো নিয়েও সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, “আমার বাড়ির সামনে আগে কখনও পুজো হতো না। এবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোড়ে বেআইনি প্যান্ডেল করা হয়েছে, যাতে আমার বাড়ির পুজোয় মানুষ আসতে না পারে। পাড়ার ক্লাবে সারারাত কাজ করতে দেওয়া হয়নি।”
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কালীঘাট থানার ওসি বলাই বাগের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই পুলিশ আধিকারিক খারাপ ব্যবহার করেছেন। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কালীঘাট থানার ওসি নিজেকে ভগবান মনে করছেন। লক্ষণরেখা অতিক্রম করলে তার ফল ভোগ করতে হবে। আমি প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।” ওসির উদ্দেশে তিনি বলেন, “সব জানি বলাইবাবু, কত প্রমোশন পাবেন তা দেখুন। আপনার পরিবার ভালো থাকুক।”
গণতন্ত্র ও সংবিধানের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত নারীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তিনি বলেন, “তোমরা অত্যাচার করবে আর আমরা সহ্য করব? দেশে কি গণতন্ত্র নেই? সংবিধান কি শেষ হয়ে গিয়েছে?” নিজের পাড়া থেকে শুরু করে রাজ্যের সকল নারীকে অন্যায়ের বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন তিনি।