বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে কেন্দ্র, কমছে ক্যাটেগরির সংখ্যা
বিদেশি পর্যটক, পড়ুয়া, ব্যবসায়ী এবং চিকিৎসার জন্য ভারতে আসতে ইচ্ছুকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভিসার বিভিন্ন বিভাগ ও উপবিভাগের সংখ্যা কমানোর পাশাপাশি আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের ভিসার মূল ক্যাটেগরির সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯ করা হয়েছে।
একই সঙ্গে উপবিভাগের সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ভিসার ২৩টি ক্যাটেগরি ও উপবিভাগের আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে। সরকারের আশা, এর ফলে বিদেশিদের কাছে ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে।
গত ২৭ অগস্ট এই নতুন ভিসা কাঠামোর কথা ঘোষণা করা হয়েছে। তবে এখনই নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রক বর্তমানে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ব্যবস্থার পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হবে।
নতুন ব্যবস্থায় ট্র্যাভেলর ভিসার নাম বদলে করা হয়েছে ‘ভিজ়িটর ভিসা’। একে ভি-১ এবং ভি-২—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। চিকিৎসার জন্য এম-১ ও এম-৩ এবং পড়ুয়াদের জন্য এস-১ ও এস-২ ভিসা চালু করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক কাজের জন্য বি-১ ও বি-২ ভিসা রাখা হয়েছে। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি পড়ুয়ারা ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ই-এস১ ভিসা পেতে পারেন।