গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবিটিস: মা ও শিশুর স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে?

গর্ভাবস্থার ন’টি মাস শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে কাটে। এই সময়ে হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনেক সময় ‘জেস্টেশনাল ডায়াবিটিস’ বা গর্ভকালীন ডায়াবিটিস দেখা দেয়। গর্ভাবস্থার প্রথম কয়েক মাস স্বাভাবিক কাটলেও শেষ দিকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। নেওটিয়া ভাগীরথী উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারের ডায়াবেটোলজিস্ট মধুরিমা বিদ্যার্থীর মতে, সাধারণত গর্ভাবস্থার ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে এই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যা থেকে এই ডায়াবিটিস হতে পারে। অতিরিক্ত ওজন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), পরিবারে টাইপ-২ ডায়াবিটিসের ইতিহাস বা ৩৫ বছরের বেশি বয়সে গর্ভধারণের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। তবে অনেক সময় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই এটি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জেস্টেশনাল ডায়াবিটিস থাকলে ভবিষ্যতে মায়ের টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভস্থ শিশুর ক্ষেত্রেও এর প্রভাব গুরুতর হতে পারে। ফর্টিস হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান রচনা মজুমদারের কথায়, মায়ের রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে শিশুর অগ্ন্যাশয় অতিরিক্ত ইনসুলিন তৈরি করে, যার ফলে শিশুর ওজন অস্বাভাবিক বেড়ে যাওয়া (ম্যাক্রোসোমিয়া), শ্বাসকষ্ট, জন্ডিস বা জন্মের পর রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

ভবিষ্যতে সন্তানের ডায়াবিটিসের ঝুঁকি প্রসঙ্গে চিকিৎসকদের মত, গর্ভাবস্থায় মায়ের অনিয়ন্ত্রিত শর্করা শিশুর বিপাকীয় বিকাশে প্রভাব ফেলে। সিএমআরই, সিকে বিড়লা হাসপাতালের এন্ডোক্রিনোলজিস্ট কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়ের মতে, এটি জিনের কার্যপদ্ধতিতে পরিবর্তন বা ‘এপিজেনেটিক’ প্রভাব ফেলতে পারে, যা ভবিষ্যতে সন্তানের ওবেসিটি বা টাইপ-২ ডায়াবিটিসের ঝুঁকি বাড়ায়। তবে সঠিক জীবনযাত্রা, সুষম খাদ্য এবং নিয়মিত শারীরিক সক্রিয়তা বজায় রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

জেস্টেশনাল ডায়াবিটিস ধরা পড়লে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা, মিষ্টি ও চিনিযুক্ত পানীয় বর্জন এবং পরিমিত কার্বোহাইড্রেটযুক্ত সুষম খাদ্যতালিকা মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *