বিষাক্ত ধোঁয়াশায় দমবন্ধ দিল্লি, AQI ৪০০ পার, জারি কুয়াশার সতর্কতা

বিষাক্ত ধোঁয়াশায় কার্যত দমবন্ধ অবস্থা রাজধানী দিল্লির। শুক্রবার সকালে শহরের একাধিক এলাকায় বাতাসের গুণমান সূচক বা AQI ৪০০ পেরিয়ে ‘ভয়াবহ’ (Severe) পর্যায়ে পৌঁছেছে। এদিন দিল্লির সামগ্রিক গড় AQI রেকর্ড করা হয়েছে ৪০৩। এর মধ্যে আইআইটি দিল্লি (৪৮৭) এবং চাঁদনি চকের (৪৭৬) পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।

শুক্রবার দিল্লির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা বিপজ্জনক স্তরে পৌঁছেছে। এর মধ্যে বসুন্ধরা এনক্লেভ (৪২৯), ছাওলা (৪২৭), ওয়াজিরপুর (৪২৫), আনন্দ বিহার (৪১৭), রোহিণী (৪১১), অশোক বিহার (৪০৩) এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (৪০২) উল্লেখযোগ্য।

সপ্তাহের শুরু থেকেই দিল্লির বাতাসের গুণমান ক্রমশ খারাপ হচ্ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, মঙ্গলবার গড় AQI ছিল ২৯৯, যা বুধবার বেড়ে দাঁড়ায় ৩১৯-এ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিল্লির বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি (IITM)-র মডেল অনুযায়ী, দূষণের নেপথ্যে পরিবহণ ক্ষেত্রের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বৃহস্পতিবার থেকে নাড়াপোড়া বা খড় পোড়ানোর ধোঁয়ার প্রভাব বাড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ঘন ধোঁয়াশা ও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, এই দূষিত বাতাসে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের গুরুতর স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই বাসিন্দাদের অকারণে বাইরে না বেরোনোর এবং খোলা জায়গায় ভারী শরীরচর্চা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, CPCB-র মাপকাঠি অনুযায়ী AQI ০-৫০ ‘ভালো’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১-৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ ‘ভয়াবহ’ হিসেবে গণ্য করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *