বিমানে হাইজ্যাকের হুমকি দিয়ে গ্রেপ্তার প্রৌঢ়, অসুস্থতার কারণে পেলেন জামিন

কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের হুমকি লিখে বিপাকে পড়লেন এক প্রৌঢ়। বুধবার সকালে বিমানের শৌচালয় থেকে ওই হুমকি বার্তা লেখা একটি কার্ড উদ্ধার হয়। ঘটনার জেরে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। পরে তদন্তকারীদের জেরার মুখে নিজের দোষ স্বীকার করেন ওই যাত্রী।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তিনি নিজেও একজন ক্যান্সার সারভাইভার এবং বর্তমানে একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাঁর স্ত্রীও ক্যান্সারে আক্রান্ত। জেরায় ওই প্রৌঢ় জানিয়েছেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংসারের খরচ ও চিকিৎসার প্রয়োজনে তাঁকে বাধ্য হয়েই মুজ়াম্বিক যেতে হচ্ছিল। মানসিক চাপের কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে, অভিযুক্তের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চায়নি। এসিজেএম মণিকা চট্টোপাধ্যায় সাহার এজলাসে তদন্তকারী অফিসার জানান, আপাতত আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে তদন্তকারী অফিসারের সঙ্গে প্রয়োজনে দেখা করার শর্তে আদালত তাঁকে জামিন দিয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় বায়ু উড়ান অধিনিয়ম এবং অ্যান্টি-হাইজ্যাকিং অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে। বিচারক হুমকি দেওয়া কার্ডের সঙ্গে অভিযুক্তের হাতের লেখার নমুনা মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ঘটনার পর থেকে ওই প্রৌঢ় অত্যন্ত অনুতপ্ত এবং নিজের মানহানি নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *