নেগেটিভ নম্বরে আর ডাক্তারি স্নাতকোত্তরে ভর্তি নয়, কাট-অফ শিথিলতায় লাগাম টানতে কেন্দ্রের সুপারিশ

ডাক্তারি স্নাতকোত্তর (এমডি-এমএস) কোর্সে ভর্তির ক্ষেত্রে কাট-অফ শিথিল করার দীর্ঘদিনের প্রবণতায় রাশ টানতে চায় কেন্দ্র। আসন ফাঁকা থাকার অজুহাতে চিকিৎসা শিক্ষার ন্যূনতম মানদণ্ড বিসর্জন দেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে স্পষ্ট করেছে স্বাস্থ্য মন্ত্রকের ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি।

কেন্দ্রের মতে, নিট-পিজি প্রবেশিকা পরীক্ষার গুরুত্ব যেন কেবল আসন পূরণের প্রশাসনিক আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয়। অত্যন্ত দুর্বল ফল বা নেগেটিভ নম্বর পাওয়া প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হলে তা চিকিৎসা শিক্ষার মান ও রোগীর নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন তৈরি করে।

গত কয়েক বছর ধরে নিট-পিজি কাউন্সেলিংয়ে আসন ফাঁকা থাকা এবং তা পূরণের জন্য বারবার যোগ্যতামান কমানোর বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৩ সালে কাট-অফ শূন্য পার্সেন্টাইল পর্যন্ত নামানো হয়েছিল। ২০২৪ সালেও সাধারণ ও সংরক্ষিত উভয় শ্রেণির প্রার্থীদের জন্য যোগ্যতামান উল্লেখযোগ্যভাবে কমানো হয়। ২০২৬ সালের জানুয়ারিতে ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) কাট-অফ আরও কমিয়ে দেয়, যার ফলে ৮০০-র মধ্যে মাইনাস ৪০ নম্বর পাওয়া প্রার্থীরাও কাউন্সেলিংয়ের যোগ্য বিবেচিত হন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমাজকর্মী হরিশরণ দেবগন-সহ কয়েকজন সুপ্রিম কোর্টে মামলা করেন। তাঁদের যুক্তি ছিল, নেগেটিভ নম্বর পাওয়া প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়া চিকিৎসা পরিষেবার ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে কেন্দ্রের যুক্তি ছিল, এমবিবিএস পাশের মাধ্যমে প্রার্থীদের প্রাথমিক যোগ্যতা যাচাই হয়েই থাকে এবং আসন ফাঁকা থাকা একটি বাস্তব সমস্যা।

শীর্ষ আদালত এই বিষয়ে স্থায়ী সমাধানের নির্দেশ দিলে, গত ২৩ জুলাই ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) লোভনীশ জি কৃষ্ণের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিই এবার ভর্তি প্রক্রিয়ার খামতি খতিয়ে দেখে চিকিৎসা শিক্ষার মানের সঙ্গে আপস না করার সুপারিশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *