বরাহনগর তরুণী খুনে ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত

বরাহনগরে এক তরুণীকে খুনের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে দিল্লি থেকে আনা হচ্ছে। খুনের মোটিভ বা এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জিজ্ঞাসাবাদের পরেই স্পষ্ট হবে।
পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর সঙ্গে ওই যুবকের পরিচয় হয়েছিল মোবাইলে ‘পাবজি’ গেম খেলার সূত্র ধরে। ওই যুবক আগেও বরাহনগরের ফ্ল্যাটে এসেছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ডে দিদি ও জামাইবাবুর ফ্ল্যাট থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়।
তদন্তে জানা গিয়েছে, খুনের পর তরুণীর মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয় আততায়ী। সেই মোবাইল থেকেই নিহতের পরিবারের কাছে হোয়াটসঅ্যাপ কল ও মেসেজ পাঠানো হচ্ছিল। মেসেজে লেখা ছিল, ‘তোমাদের মধ্যেই থাকব, কিন্তু জানতে পারবে না।’ তদন্তকারীদের ধারণা, পুলিশকে বিভ্রান্ত করতেই ওয়াইফাই ব্যবহার করে এই মেসেজ পাঠানো হচ্ছিল। মোবাইল টাওয়ারের লোকেশন বিহারে পাওয়া গেলেও শেষ পর্যন্ত দিল্লি থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়।
নিহত তরুণীর শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। পরিবারের অভিযোগ, খুনের আগে তাঁকে নির্যাতন করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ ধর্ষণের ধারা যুক্ত করেনি। এছাড়া ফ্ল্যাট থেকে তরুণীর মোবাইল, সোনার গয়না ও রুপোর ব্রেসলেটও খোয়া গিয়েছে। এটি লুটের ঘটনা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে।