সব সামাজিক সংগঠনকে এক করার বার্তা শুভেন্দুর

বাঁকুড়ার রাইপুরে বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠে আয়োজিত বাঁদনা পরবে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে গিয়ে গ্রামীণ পরিবেশে দড়ির খাটে বসে কুড়মি সমাজের মহিলাদের আতিথেয়তা গ্রহণ করেন তিনি। ঢেঁকিতে পা রাখা থেকে শুরু করে গোমাতার সেবা—সব মিলিয়ে বাঁদনা পরবের আমেজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সব সামাজিক সংগঠনকে এক জায়গায় আনার বার্তা দেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়েছিল। তিনি বলেন, ‘আমি সব সামাজিক সংগঠনকে এক জায়গায় আনতে চাই। বাঙালি-অবাঙালি, মতুয়া, রাজবংশী কিংবা কুড়মি ও আদিবাসীদের মধ্যে লড়াই লাগিয়েছিল আগের সরকার। বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলতে আমি ২১ তারিখে পুরুলিয়ায় যাব।’
জঙ্গলমহলের বঞ্চনা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ গতবারের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। বাঁকুড়ায় একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জায়গা চূড়ান্ত হয়েছে বলেও তিনি জানান। এছাড়া হলুদকানালি হাসপাতালে ১০০ বেডের নতুন পরিকাঠামো তৈরি এবং দুর্গাপুর-জামশেদপুর রাস্তা ফোর লেনে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
আবাস যোজনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, এই জেলায় আরও ২ লক্ষ ৯৫ হাজার ৮২টি বাড়ি নির্মাণ করা হবে। অবৈধ বালি খাদান বন্ধ করে সেগুলিকে বৈধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। এক বছরের মধ্যে শিক্ষক ও কনস্টেবলসহ এক লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এই সরকার আপনাদের সরকার। আপনাদের অধিকার আপনারা আদায় করে নেবেন।’
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও রাজেশ মাহাতো, সাংসদ সৌমিত্র খাঁ এবং কুড়মি সমাজের মানতা অজিতপ্রসাদ মাহাতোসহ অন্যান্যরা। রাইপুরের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বাঁকুড়া শহরের পাঠকপাড়ায় আয়োজিত খাদ্যমেলাতেও অংশ নেন।