ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গিরের প্রাসাদোপম বাড়ি ভাঙছে প্রশাসন

পুলিশ হেফাজতে থাকা তৃণমূল নেতা জাহাঙ্গির খানের তিনতলা বাড়ি ভাঙার কাজ বৃহস্পতিবারও অব্যাহত ছিল। সকাল ৯টা নাগাদ ফলতার বিডিও সন্দীপ সিংহ রায় ও ফলতা থানার আইসির উপস্থিতিতে ড্রিল মেশিন, হাতুড়ি ও ভাইব্রেটরের সাহায্যে শ্রমিকেরা বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। কাজের গতি বাড়াতে এ দিন শ্রমিকের পাশাপাশি মেশিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি চালাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে। অভিযোগকারী বিজেপি নেতা বিধান পাড়ুই জানান, গত চার মাসে জাহাঙ্গির খান ও তাঁর পরিবারকে একাধিকবার নোটিস দেওয়া হলেও কেউ শুনানিতে উপস্থিত হননি। তাঁর অভিযোগ, সরকারি ও প্রতিবেশীদের জমি দখল করে প্রায় এক বিঘা জমির ওপর এই তিনতলা বাড়ি তৈরি করেছিলেন জাহাঙ্গির। স্থানীয়দের দাবি, বাইরে থেকে সাধারণ মনে হলেও বাড়ির ভেতরে ৪০টি ঘর ছিল, যার প্রায় প্রতিটিই শীতাতপ নিয়ন্ত্রিত।

প্রতিবেশী খুরশিদ খানের অভিযোগ, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বেলসিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে জাহাঙ্গির তাঁর পারিবারিক সম্পত্তি ও ডোবা দখল করে এই বাড়ি তৈরি করেন। খুরশিদ জানান, প্রতিবাদ করতে গিয়ে তিনি অপমানিত হয়েছিলেন। স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত হালদারের দাবি, তোলাবাজির টাকায় তৈরি এই বাড়িতে রাতের অন্ধকারে কাদের আনাগোনা ছিল, তা নিয়ে এলাকায় সন্দেহ ছিল।

এদিকে, ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পন্ডা অভিযোগ করেছেন, শ্রীরামপুর মোড়ের কাছে সেচ দপ্তরের নয়ানজুলি ভরাট করে জাহাঙ্গির দলীয় কার্যালয়ও নির্মাণ করেছিলেন। তিনি দাবি করেন, ওই কার্যালয়টিও শীঘ্রই ভেঙে ফেলা হবে। এছাড়া হুগলি নদীর পাড়ে গড়ে ওঠা বেশ কিছু বেআইনি হোটেল ভাঙার জন্যও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *