নবদ্বীপে সদ্যোজাতের মৃত্যুতে নার্সিংহোমে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের

সন্তান প্রসবের পর মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ ছিলেন বলে দাবি পরিবারের। কিন্তু হঠাৎই শিশুটির মৃত্যুতে নদিয়ার নবদ্বীপের একটি নার্সিংহোমে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতি ও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবেই শিশুটির মৃত্যু হয়েছে।

পূর্ব বর্ধমানের পারুলিয়া সাহাপাড়ার বাসিন্দা রুদ্রপ্রসাদ সাহার স্ত্রী ঈশিকা ধরকে গত সোমবার বিকেলে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। রাত সওয়া ১০টা নাগাদ তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত শিশুটি স্বাভাবিক ছিল। এরপর নার্সিংহোম থেকে জানানো হয়, খাওয়ানোর সময় শিশুটির শ্বাসনালীতে খাবার আটকে গিয়েছে।

রুদ্রপ্রসাদের অভিযোগ, সেই সময় নার্সিংহোমে উপযুক্ত চিকিৎসক ছিলেন না, আয়ারাই পাম্পের সাহায্যে চিকিৎসার চেষ্টা করছিলেন। অবস্থার অবনতি হলে শিশুটিকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসকরা জানান শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। শেষমেশ কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনার পর মৃত শিশুর পরিবারের লোকজন নার্সিংহোমে গিয়ে বিক্ষোভ দেখান। পরিবারের দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। যদিও এই বিষয়ে নার্সিংহোমের ম্যানেজার কোনো মন্তব্য করতে চাননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *