অতিরিক্ত ছুটির কারণে রাজ্য কার্যত শীতঘুমে! কর্মদিবস বাড়ানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে কর্মসংস্কৃতি ফেরানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কালীপুজো ও ভাইফোঁটার ছুটির পর শুক্রবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি মন্তব্য করেন, অতিরিক্ত ছুটির কারণে রাজ্য কার্যত শীতঘুমে চলে গিয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে নতুন বছরের ছুটির ক্যালেন্ডার তৈরির প্রক্রিয়া চলছে এবং তা দ্রুত প্রকাশ করা হবে। সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে অর্থ দপ্তর এই তালিকা চূড়ান্ত করে। প্রশাসনিক সূত্রে খবর, চলতি বছরে সরকারি ছুটির সংখ্যা যেখানে প্রায় ৫০ দিন ছিল, সেখানে আগামীতে তা কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে উৎসবের লাগোয়া অতিরিক্ত ছুটিগুলো কাটছাঁট হতে পারে বলে সূত্রের দাবি।

পূর্বতন সরকারের নীতি নিয়ে সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের প্রশাসন মহার্ঘ ভাতা বা বেতন কমিশন এড়াতে এবং কাজের চাপ কমাতে ছুটি বাড়িয়ে দিয়েছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিগত বছরগুলোতে বিভিন্ন উৎসব ও মনীষীদের জন্মজয়ন্তী উপলক্ষে ছুটির তালিকা দীর্ঘ করা হয়েছিল। নতুন প্রশাসন সেই অতিরিক্ত ছুটির তালিকা পর্যালোচনা করে কাজের দিন বাড়ানোর দিকে জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *