লাদাখে ভোট ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সোনম ওয়াংচুকের ওপর ৬০ দিনের নিষেধাজ্ঞা প্রশাসনের

আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (এলএএইচডিসি) নির্বাচনের বিরুদ্ধে লেহ-তে চলা তীব্র বিক্ষোভের আবহে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের গতিবিধির ওপর ৬০ দিনের কঠোর নিষেধাজ্ঞা জারি করল স্থানীয় প্রশাসন। লেহ-র অতিরিক্ত জেলা শাসকের নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী ওয়াংচুকের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। তাঁকে লেহ জেলার সীমানার মধ্যে যেকোনো অননুমোদিত মিছিল, জমায়েত বা জনসমাবেশে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় লেহ-র একটি বিক্ষোভস্থল থেকে লাদাখ পুলিশ তাঁকে সরিয়ে নিজের বাড়িতে পৌঁছে দেয়।

তীব্র শীতের মধ্যে পার্বত্য পরিষদ ও পঞ্চায়েত নির্বাচন আয়োজনের প্রতিবাদে বৃহস্পতিবার লেহ অ্যাপেক্স বডি (এলএবি) শহরে বিক্ষোভ প্রদর্শন করে। শহরের পুর এলাকায় সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ থাকায় সকাল থেকেই লেহ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও শহিদ পার্কে শান্তিপূর্ণ ধরনা সম্পন্ন হয়েছে বলে এলএবি জানিয়েছে।

এর আগে বুধবার এলএবি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির কাছে ৪ ডিসেম্বরের নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল। লাদাখের সাংসদ হানিফা জান-ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-কে চিঠি লিখে ভোট স্থগিত করার অনুরোধ করেছেন। তাঁর যুক্তি, তীব্র শীতের কারণে প্রবীণ নাগরিক ও হাজার হাজার পড়ুয়া এলাকা ছাড়তে শুরু করেছেন।

অন্যদিকে, লাদাখের মুখ্যসচিব আশিস কুন্দ্রা জানিয়েছেন, এই নির্বাচন গণতন্ত্রকে আরও গভীর করার একটি পদক্ষেপ। চলতি বছরের এপ্রিলে প্রশাসন পাঁচটি নতুন জেলা তৈরি করে এবং অক্টোবরে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করে মোট নির্বাচিত আসন ৫২ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর মনোনয়ন জমার শেষ দিন এবং ৪ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *