হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে মামলা সিপিএম নেতার

কলকাতার পর এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়া আইনি জটে। হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন সিপিএম নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ।
মামলাকারীর অভিযোগ, রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার যে বিল পাশ হয়েছে, তা আইনসম্মত নয়। তাঁর দাবি, ২০১৮ সাল থেকে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি এবং বর্তমানে প্রশাসক দিয়ে কাজ চলছে। এই পরিস্থিতিতে ১৯৮০ সালের পুর আইন না মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে গোটা প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও একই ধরনের মামলা হয়েছিল। কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়ার বিরুদ্ধে কসবার সিপিএম নেত্রী দীপু দাস হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।