দলের প্রতীক ও নাম নিয়ে লড়াই: নির্বাচন কমিশনের চেয়ে সুপ্রিম কোর্টের ওপরই বেশি ভরসা মমতা শিবিরের

দলের নাম ও নির্বাচনী প্রতীক দখলের আইনি লড়াইয়ে জাতীয় নির্বাচন কমিশনের চেয়ে সুপ্রিম কোর্টের রণকৌশলকেই বেশি গুরুত্ব দিচ্ছে কালীঘাট। দলীয় সূত্রে খবর, শীর্ষ আদালতের নির্দেশ ও নির্ধারিত সময়সীমা মেনেই আগামী ১৫ নভেম্বরের মধ্যে কমিশনে পাল্টা নথি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।
সূত্রের দাবি, ঋতব্রত শিবির কমিশনে নথিপত্র জমা দেওয়ার পর থেকেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শুরু করে কালীঘাট। নিয়ম অনুযায়ী, এক পক্ষ যে নথি জমা দেয়, তার প্রতিলিপি প্রতিপক্ষকে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ঋতব্রত শিবিরের তরফে কমিশনকে জানানো হয়েছিল যে, সেই কপি প্রতিপক্ষকে দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে মমতা শিবিরের অন্দরে প্রাথমিক দোলাচল তৈরি হলেও, শেষ পর্যন্ত আইনি পরামর্শ মেনে ১৫ নভেম্বরের মধ্যেই নথি জমা দেওয়ার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করা হয়েছে।
আইনি ও রাজনৈতিক মহলের মতে, কমিশনের অন্দরে নথি আদান-প্রদানের এই জটিলতাকেই সুপ্রিম কোর্টে হাতিয়ার করতে চাইছেন মমতার আইনজীবীরা। পাশাপাশি, বেআইনিভাবে স্ট্যাম্প পেপার সংগ্রহ এবং পুলিশ-প্রশাসনের একাংশের মদতের অভিযোগকেও সামনে আনতে চলেছে তৃণমূল। এই বিষয়গুলো শীর্ষ আদালতের শুনানিতেও জোরালোভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এদিকে, গোটা প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিযোগ করা হয়েছে, নথি হাতানোর উদ্দেশ্যে তাঁদের কর্মী-সমর্থকদের বাড়ি ও অফিসে হামলা চালানো হচ্ছে।
তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “১৫ তারিখ নথি জমা দেব। তখন দেখতে পাবেন কী দিচ্ছি।” স্ট্যাম্প পেপার সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, এই বিষয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে। সব মিলিয়ে, কমিশনের নিয়ম মেনে নথি জমা দেওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ে প্রতিপক্ষকে চাপে রাখাই এখন কালীঘাটের মূল লক্ষ্য।