দেড় বছর কাটতে না কাটতেই ফের বাবা কাঞ্চন, শ্রীময়ীর কোলে এল পুত্রসন্তান ‘কৃষিভ’
/indian-express-bangla/media/media_files/2024/11/01/bBpMJJ29DGfJt6iwYrA2.jpg?w=1200&resize=1200,675&ssl=1)
টলিউডে গুঞ্জনই সত্যি হলো। প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ জন্ম দিলেন দ্বিতীয় সন্তানের। প্রথম সন্তান কৃষভির জন্মের দেড় বছর কাটতে না কাটতেই তারকা দম্পতির কোল আলো করে এল পুত্রসন্তান। কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মেয়ের নাম ‘কৃষভির’ সঙ্গে মিল রেখে নবজাতক ছেলের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’।
ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। সেখানে দেখা যাচ্ছে, মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেতা, আর পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্রীময়ী। এই মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে তারকা যুগল লিখেছেন, ‘হ্যালো। আজ আমাদের হৃদয় এবং বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই ভূমিষ্ট হলো। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হলো। আমরা ভীষণ উচ্ছ্বসিত আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানিয়ে। একসঙ্গে জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।’
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে কাঞ্চন ও শ্রীময়ীর প্রথম সন্তান কৃষভি জন্ম নেয়। সেই সময়ও শ্রীময়ী তাঁর মা হওয়ার খবর গোপনেই রেখেছিলেন। এবার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছরের বিধানসভা নির্বাচনে স্বামী কাঞ্চনের সঙ্গে ভোট দিতে যাওয়ার সময় শ্রীময়ীর বেবি বাম্প প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছিল, যা অবশেষে সত্যি হলো।
প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক এই নিয়ে তৃতীয়বার বাবা হওয়ার আনন্দ পেলেন। তাঁর আগের পক্ষে অর্থাৎ প্রথম স্ত্রী পিঙ্কির ঘরেও একটি পুত্রসন্তান রয়েছে। তবে তাঁর সঙ্গে যোগাযোগ না থাকায় সেই আক্ষেপ ছিল অভিনেতার মনে। শ্রীময়ীর কোলে পুত্রসন্তান আসার পর সেই পুরনো দুঃখ কিছুটা হলেও লাঘব হবে বলেই মনে করছে অনুরাগীরা।