আগুনে পুড়ল স্টুডিও, ছাই হলো রিল! ঋতুপর্ণার নতুন বায়োপিক নিয়ে তোলপাড় টলিউড!

ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী পরিচালক ফাতিমা বেগমকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘ফাতমা’
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারী পরিচালক ফাতিমা বেগমের বর্ণময় জীবন ও সংগ্রামের কাহিনী এবার উঠে আসতে চলেছে বড় পর্দায়। ‘ফাতমা’ শিরোনামের এই ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রতিষ্ঠিত সাংবাদিক অতনু রায় এই ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
১৯২৬ সালে মুক্তিপ্রাপ্ত ফাতিমা বেগমের ঐতিহাসিক সিনেমা ‘বুলবুল-এ-পারিস্তান’-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একটি সাধারণ বায়োপিক নয়, বরং ভারতীয় সিনেমার এক বিস্মৃত ও গৌরবোজ্জ্বল অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি বিশেষ প্রয়াস।
১৯০০ সালে তৎকালীন বম্বেতে পা রাখা ফাতিমা বেগম অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেও খুব দ্রুত নিজের প্রযোজনা সংস্থা ‘ফাতিমা ফিল্মস’ প্রতিষ্ঠা করেন। সে যুগে হাতে তৈরি অপটিক্যাল ট্রিকস, মিনিয়েচার সেট এবং হাতে ঘোরানো ক্যামেরার মতো বৈপ্লবিক প্রযুক্তি ব্যবহার করে তিনি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তাঁর কন্যা জুবেইদাও পরবর্তীকালে ভারতীয় রুপোলি পর্দার প্রথম সারির তারকা হয়ে ওঠেন।
তবে ফাতিমা বেগমের জীবন কেবল সাফল্যের নয়, ছিল চরম ট্র্যাজেডিরও। কালক্রমে তাঁর স্বাধীন স্টুডিওটি বন্ধ হয়ে যায় এবং অগ্নিকাণ্ডে তাঁর সংরক্ষিত ঐতিহাসিক নাইট্রেট ফিল্মের সমস্ত রিল ভস্মীভূত হয়। নির্বাক চলচ্চিত্র থেকে সবাক যুগের উত্তরণ—এই রোমাঞ্চকর অথচ বেদনাদায়ক সময়ের প্রেক্ষাপটেই আবর্তিত হবে ‘ফাতমা’ ছবির চিত্রনাট্য।