দাদাগিরি অতীত, বিগ বসের মঞ্চে সৌরভের নতুন রেকর্ডে কাঁপছে নেটদুনিয়া!

রেকর্ড ভাঙা জনপ্রিয়তায় শীর্ষে ‘বিগ বস বাংলা’, ছাপিয়ে গেল ‘দাদাগিরি’-র জনপ্রিয়তাকেও
নিজস্ব প্রতিবেদক: শুরু হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই ছোটপর্দার সমস্ত রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল জনপ্রিয় ও বিতর্কিত রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’। চ্যানেল কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার নিরিখে এই শো সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালিত অন্য একটি শো ‘দাদাগিরি’-র তুলনায় প্রায় ৯ গুণ বেশি চর্চা ও উন্মাদনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়া এবং সাধারণ দর্শকের মধ্যে।
গত ৩০ আগস্ট জাঁকজমকপূর্ণভাবে শুরু হওয়া এই রিয়ালিটি শোয়ের অন্দরমহলের নাটকীয় মোড়, হাই-ভোল্টেজ বিতর্ক এবং প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ প্রতিনিয়ত দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে জিতু কমল ও সৃজলা গুহর অন-স্ক্রিন কেমেস্ট্রি, নন্দিনীর আকস্মিক প্রস্থান এবং রাজবীর দের ওয়াইল্ড কার্ড এন্ট্রি শোয়ের টিআরপি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বর্তমানে দেবের সঞ্চালনায় ‘দাদাগিরি’ চললেও, সপ্তাহের সাত দিনই ‘বিগ বস বাংলা’ দর্শকদের ড্রয়িংরুমে বাড়তি উত্তজনা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
শোয়ের তারকাখচিত প্রতিযোগীদের তালিকাও আলোচনার অন্যতম কারণ। দুর্নিবার সাহা, সোনামণি সাহা, মনামী ঘোষ, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল ও ভরত কলের মতো তারকারা যেমন এই খেলায় টিকে থাকার লড়াই করছেন, তেমনই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আসা জিতু কমল, রাজবীর দে, সৌরভ দাস ও রণিতা দাসের উপস্থিতি খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।
এর পাশাপাশি জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর, অনুষ্কা ঘোষ ও দীপেন্দু বিশ্বাসের বিদায় এবং শারীরিক অসুস্থতার কারণে ঝিলমের সরে দাঁড়ানোর মতো ঘটনাগুলি শোয়ের উত্তেজনাকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যারিশম্যাটিক সঞ্চালনা এবং প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভর করে ‘বিগ বস বাংলা’ যে ছোটপর্দার নতুন ইতিহাস রচনা করছে, তা পরিসংখ্যানেই স্পষ্ট।