শুটিং সেটে গুরুতর চোট! অমিতাভ বচ্চনের অসুস্থতায় থমকে গেল কেবিসি?

অসুস্থতার কারণে সাময়িক বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং
নিজস্ব প্রতিবেদন: শারীরিক অসুস্থতার কারণে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি ‘কেবিসি’-র সেটে দুর্ঘটনার কবলে পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন অমিতাভ বচ্চন। এছাড়া, বেশ কিছুদিন ধরেই তিনি অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। বয়সজনিত শারীরিক ধকল এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন এই মেগাস্টার।
জানা গেছে, সর্বশেষ রণবীর কাপুর, সাই পল্লবী এবং রবি দুবের মতো তারকাদের নিয়ে ‘রামায়ণ’ ছবির প্রচারমূলক পর্বের শুটিংয়ের পরই কাজ স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দর্শকদের শো-টির পুরনো জনপ্রিয় পর্বগুলি পুনঃসম্প্রচার দেখতে হবে। দীপাবলির এই সপ্তাহেও টিভিতে ‘কেবিসি’-র বিশেষ পুরনো পর্বগুলোই সম্প্রচারিত হচ্ছে।
তবে অমিতাভ বচ্চনের ফ্যানদের জন্য আশার কথা হলো, সবকিছু অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকেই তিনি ফের শুটিং ফ্লোরে ফিরতে পারেন। যদিও তাঁর ফেরা সম্পূর্ণভাবে নির্ভর করছে শারীরিক অবস্থার উন্নতির ওপর। কোটি কোটি দর্শক এখন প্রিয় সঞ্চালকের দ্রুত সুস্থতা কামনা করছেন।