১০ টাকায় এগরোল-চাউমিন! মালদহের এই বৃদ্ধার কাণ্ড দেখে অবাক সবাই

স্বাবলম্বী হওয়ার লড়াই: ১০ টাকায় খাবার বিক্রি করে নজির বৃদ্ধা ছায়াদেবীর
নিজস্ব প্রতিবেদক, মালদহ: মালদহ শহরের ইংলিশবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলার দুর্গামণ্ডপের সামনে প্রতিদিনের পরিচিত মুখ ছায়াদেবী। গত ১৭ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্যন্ত স্বল্প মূল্যে খাবার বিক্রি করে আসছেন তিনি। বৃদ্ধ বয়সে এসেও ছেলেদের অবহেলাকে সঙ্গী করে সততা ও পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার এক অনন্য নজির গড়েছেন এই প্রৌঢ়া।
শুরুতে মাত্র ৫ টাকায় এগরোল ও চাওমিন বিক্রি করলেও, বর্তমানে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পদের খাবার বিক্রি করছেন তিনি। তাঁর দোকানে ১০ টাকা থেকে ৬০ টাকা মূল্যের চাওমিন ও পাস্তা পাওয়া যায়। স্বল্প আয়েই সন্তুষ্ট থেকে তিনি জানান, প্রতিটি খাবারে অত্যন্ত সামান্য লাভ রেখে তিনি ব্যবসা চালান, যা থেকে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা আয় হয়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দিতে পেরেই তিনি আনন্দিত।
ছায়াদেবীর এই হাসিমুখের আড়ালে লুকিয়ে রয়েছে এক কঠিন জীবনসংগ্রামের কাহিনি। দুই ছেলে থাকলেও, বিয়ের পর থেকেই তারা বৃদ্ধ বাবা-মায়ের থেকে আলাদা হয়ে যান। বার্ধক্যে এসে দুই ছেলের কাছ থেকে কোনো সহযোগিতা বা দায়িত্ব না পাওয়ার বেদনা সত্ত্বেও দমে যাননি এই দম্পতি। নিজেদের পেট চালাতে এবং সম্মানজনকভাবে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছেন তাঁরা।
বর্তমানে ছায়াদেবীর স্বামী পুরসভার রথবাড়ি এলাকায় একটি ছোট চায়ের দোকান চালিয়ে সংসার চালানোর কাজে সাহায্য করেন। ছেলেদের অবহেলাকে উপেক্ষা করে নিজেদের শ্রম ও উপার্জনে এভাবেই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও মাথা উঁচু করে বেঁচে আছেন এই বৃদ্ধ দম্পতি। তাঁদের এই সংগ্রামী মানসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।