ভারতের কপালে চিন্তার ভাঁজ! পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে এবার এক টেবিলে সব দল

পশ্চিম এশিয়ায় ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, আর তার আঁচ সরাসরি এসে পড়ছে ভারতের গায়ে। ইরান ও আমেরিকার এই সংঘাতের আবহে আন্তর্জাতিক পরিস্থিতি যে কতটা জটিল, তা নিয়ে এবার বড় পদক্ষেপ নিল মোদী সরকার। আগামী বুধবার বিকেল পাঁচটায় সংসদ ভবনে বসতে চলেছে এক অতি গুরুত্বপূর্ণ সর্বদল বৈঠক।
কেন এই জরুরি বৈঠক?
জ্বালানি তেল থেকে শুরু করে সারের আমদানি—সব ক্ষেত্রেই অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালীতে বাধার সৃষ্টি হওয়ায় বিঘ্নিত হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য পথ। এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও অর্থনীতিকে সুরক্ষিত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। ইতিমদ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠকে সামরিক কর্তারা সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা সেরেছেন।
প্রধানমন্ত্রীর বার্তা ও ভারতীয়দের নিরাপত্তা
সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, সরকার এই সংঘাতের প্রভাব কমাতে সবরকম চেষ্টা চালাচ্ছে। উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সরকারি হিসেব বলছে, ইতিমধ্যে তিন লক্ষেরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন।
এই জাতীয় সঙ্কটের মুহূর্তে দেশের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতেই সব রাজনৈতিক দলের মতামত ও সহযোগিতা চাইছে কেন্দ্র। বুধবারের এই বৈঠকেই স্থির হবে আগামীর রণকৌশল।