শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি
March 28, 202610:31 am

নেপালে নতুন সরকার গঠনের একদিনের মধ্যেই নাটকীয় পটপরিবর্তন ঘটল। শনিবার ভোরে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে তাঁদের বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর ‘জেন জি’ আন্দোলনের সময় দানা বাঁধা দুর্নীতি এবং ব্যাপক হিংসায় প্রাণহানির ঘটনায় তাঁদের ভূমিকা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে বলে বর্তমান প্রশাসনের দাবি।
প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই এই গ্রেফতারিকে কেন্দ্র করে দেশজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং একে ন্যায়বিচারের সূচনা বলে অভিহিত করলেও, ওলি এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন। অন্তর্বর্তী সরকারের পর নতুন জমানায় এই পদক্ষেপ হিমালয় সংলগ্ন দেশটির রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এল।