গুয়াহাটির রাজপথে জনসমুদ্র, আসামে ৯০টি আসন জয়ের হুঙ্কার অমিত শাহের

গুয়াহাটির রাজপথে জনসমুদ্র, অসমে ৯০টি আসন জয়ের হুঙ্কার অমিত শাহের

গুয়াহাটি: নির্বাচনী উত্তাপে ফুটছে আসাম। গুয়াহাটির রাজপথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা রোড শো-কে কেন্দ্র করে কার্যত জনজোয়ার আছড়ে পড়ল। সমর্থকদের এই বিপুল উচ্ছ্বাস দেখে আত্মবিশ্বাসী শাহ দাবি করেছেন, এবার আসামে ১২৬টির মধ্যে ৯০টিরও বেশি আসন জিতে হ্যাটট্রিক করবে বিজেপি। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জয়ের পর হিমন্ত বিশ্ব শর্মাই থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শনিবার গুয়াহাটির রাস্তায় হুডখোলা গাড়িতে শাহ যখন পুষ্পবৃষ্টি করছিলেন, তখন দলীয় কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আসামের মানুষ উন্নয়নের পক্ষে। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ ও পানীয় জল পৌঁছেছে, মহিলারা সুরক্ষিত। তাই মানুষ বিজেপি ও এনডিএ সরকারকেই বেছে নেবে।”

আসামের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সরকারকেও কড়া আক্রমণ শানিয়েছেন শাহ। কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করার রেশ টেনে তিনি বলেন, “আসামে যেভাবে অনুপ্রবেশ বন্ধ হয়েছে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্ত সিল করে একইভাবে অনুপ্রবেশ রোখা হবে।” বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে আরজি কর কাণ্ড থেকে শুরু করে কয়লা ও গরু পাচারের মতো একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, বাংলার মানুষ এবার পরিবর্তনের জন্য তৈরি।

আসামে আগামী ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে। অন্যদিকে, বাংলায় দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল। দুই রাজ্যেরই ভাগ্য নির্ধারণ হবে আগামী ৪ মে। এখন দেখার, শাহের এই ‘৯০ পার’ স্লোগান আসামের নির্বাচনী বৈতরণী কতটা সহজে পার করতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *