বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাড়ছে অপরাধের হার, অমিত শাহের তথ্যের পাল্টা জবাব দিল তৃণমূল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা চার্জশিটের পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশ বর্তমানে তফসিলি জাতির বিরুদ্ধে অপরাধের তালিকায় শীর্ষে রয়েছে। অপরাধের হারের দিক থেকে দেশের রাজধানী দিল্লি সবচেয়ে উদ্বেগজনক অবস্থানে। অন্যদিকে, নারীদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে রাজস্থান এবং শিশু ও তফসিলি জনজাতির বিরুদ্ধে অপরাধে মধ্যপ্রদেশ তালিকার ওপরের দিকে রয়েছে বলে তৃণমূল তাদের পাল্টাপত্রে উল্লেখ করেছে।
বিজেপি শাসিত রাজ্যগুলোর আইন-শৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গের সাফল্যও প্রচার করেছে তৃণমূল। দলটির দাবি অনুযায়ী, দেশের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতা নারী ও শিশুদের জন্য অনেক বেশি নিরাপদ। টানা চারবার ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তকমা ধরে রেখেছে কলকাতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল প্রমাণ করতে চেয়েছে যে, অপরাধ দমনে বাংলা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি সফল ও স্থিতিশীল।