আন্তর্জাতিক যুদ্ধে টালমাটাল বিশ্ববাজার মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আমজনতার পকেটে টান পড়তে চলেছে

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে পেট্রোকেমিক্যাল শিল্পে, যার ফলে পলিমার ও প্লাস্টিকের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্যেই প্লাস্টিকের কাঁচামালের দাম বাড়িয়েছে, যার ফলে প্যাকেটজাত খাবার, পানীয় জলের বোতল এবং গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসের উৎপাদন খরচ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই মূল্যবৃদ্ধির ঢেউ আছড়ে পড়ছে স্বাস্থ্য পরিষেবাতেও। সিরিঞ্জ, আইভি বোতল এবং ওষুধের প্যাকেজিংয়ে ব্যবহৃত পলিমারের দাম বাড়ায় চিকিৎসার খরচ বাড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। শিল্প মহলের দাবি, হরমুজ প্রণালীতে পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় কাঁচামালের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। ফলে গ্লাভস ও ডায়াগনস্টিক কিটের মতো জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট তৈরি হতে পারে। আন্তর্জাতিক এই যুদ্ধ পরিস্থিতির কারণে উৎপাদনকারী সংস্থাগুলো পণ্যের দাম বাড়ানোর পাশাপাশি পরিমাণ কমিয়ে দেওয়ার পথেও হাঁটতে পারে।