মমতার সুরে সুর মেলালেন অশোক ভট্টাচার্য! শিলিগুড়ির প্রচারে বিজেপিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী সিপিএম নেতার

বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। রবিবার সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীর সমর্থনে প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বামফ্রন্ট আমলের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। এদিন তিনি সাফ জানান, কোনোভাবেই বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে না। প্রবীণ এই বাম নেতার কণ্ঠে কার্যত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর প্রতিধ্বনিত হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
অশোক ভট্টাচার্যের দাবি, বিজেপি একটি ‘বুলডোজার পার্টি’ এবং বাংলা বিরোধী শক্তি, যা মানুষ কখনোই গ্রহণ করবে না। এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, অশোকবাবুর মতো অভিজ্ঞ নেতার এই অবস্থান প্রকারান্তরে বিজেপিকেই কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি ক্ষমতায় আসবে না—বাম নেতার এই বার্তা ভোট ময়দানে নতুন সমীকরণের জন্ম দিতে পারে।