বিদেশি পর্যটককে কুপ্রস্তাব অটোচালকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া
নিউজিল্যান্ড থেকে আসা এক বিদেশি পর্যটককে দিল্লিতে অটো ভ্রমণের সময় অশালীন ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। বিমানবন্দর যাওয়ার পথে ফারোজ খান নামে ওই চালক বারবার অর্থের বিনিময়ে যৌন পরিষেবার প্রলোভন দেখান। এমনকি একটি হোটেলে ২০ মিনিটের জন্য ১০ হাজার টাকার বিনিময়ে বিশেষ ‘প্যাকেজ’-এর প্রস্তাবও দেওয়া হয়। পর্যটক বারবার আসাম্মতি জানানো সত্ত্বেও চালক জোরাজুরি চালিয়ে যান, যা পুরো যাত্রাপথকে অত্যন্ত অস্বস্তিকর করে তোলে।
পুরো ঘটনাটি ওই পর্যটক নিজের ক্যামেরায় বন্দি করেন এবং পরে সামাজিক মাধ্যমে শেয়ার করে সকলকে সতর্ক করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ায় রাজধানীর গণপরিবহনে নারী ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তিক্ত অভিজ্ঞতার পর ওই বিদেশি পর্যটক অন্যদের পরামর্শ দিয়েছেন যে, দিল্লিতে ভ্রমণের জন্য সাধারণ অটোর চেয়ে অ্যাপ-ক্যাব ব্যবহার করা অনেক বেশি নিরাপদ ও নির্ভরযোগ্য। এই ঘটনা প্রশাসনের নজরদারির অভাবকেই ফের সামনে এনেছে।