২০২৬-এর মহাযুদ্ধ! ‘বাংলাকে বাংলাদেশ হতে দেব না’ হলদিয়ার মঞ্চ থেকে শুভেন্দুর হুঙ্কার

বিজেপির মেগা শো-তে কাঁপল হলদিয়া! ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দিয়েই মেজাজে ধরা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে গেরুয়া ঝড়ে কার্যত উত্তাল হয়ে উঠল রাজপথ। নন্দীগ্রামের বাজি হিসেবে ফের একবার শুভেন্দুর ওপরই ভরসা রেখেছে দল। এদিন মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তুলোধোনা করে শুভেন্দু সাফ জানান, কোনোভাবেই অনুপ্রবেশকারীদের হাতে এই রাজ্যের ক্ষমতা যেতে দেবে না বিজেপি। মহিলাদের নিরাপত্তা আর কর্মসংস্থানই হবে এই লড়াইয়ের মূল হাতিয়ার।
অন্যদিকে, ডাবল ইঞ্জিন সরকারের ডাক দিয়ে ধর্মেন্দ্র প্রধান এদিন শাসকদলের ‘খাদ্যাভ্যাস’ সংক্রান্ত প্রচারের মোক্ষম জবাব দেন। স্পষ্ট জানান, বিজেপি নেতাদের খাওয়া-দাওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যজুড়ে প্রচারের নীল নকশাও এদিন চূড়ান্ত করে ফেলল গেরুয়া শিবির। ভোটের মুখে হলদিয়ার এই হাইভোল্টেজ সভা বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।