এক প্লেট সিঙাড়ার দাম মেটানো নিয়ে হাড়হিম কাণ্ড মুম্বইয়ে

সিঙাড়া খেয়ে মেটাননি দাম, উল্টে দোকানদারের আঙুল কামড়ে ছিঁড়ে নিলেন খদ্দের! মুম্বইয়ের মালাডে তুচ্ছ বচসায় চরম নৃশংসতার সাক্ষী থাকল শিবাজি চক এলাকা। আক্রান্ত দোকানদার রণজিৎ হরিবংশ সিং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লক্ষ্মীধর মঙ্গল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে দোকানে সিঙাড়া ও কাটলেট খাওয়ার পর লক্ষ্মীধরের কাছে টাকা চান রণজিতের ছেলে। অভিযুক্ত অনলাইনে টাকা দিতে চাইলেও দোকানদার নগদ দাবি করায় শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে রণজিৎ এগিয়ে আসতেই তাঁর ওপর চড়াও হন লক্ষ্মীধর। অভিযোগ, রণজিতের হাত টেনে ধরে তাঁর মাঝের আঙুলটি দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নেন ওই ব্যক্তি। যন্ত্রণায় চিৎকার করলে বাকি আঙুলগুলোতেও কামড় বসাতে থাকেন তিনি। দোকানের কর্মী ও স্থানীয়রা মিলে অভিযুক্তকে আটকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।