ভোটের মুখে ক্যানিংয়ে তৃণমূলে বড় ভাঙন, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে একঝাঁক নেতা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন ক্যানিংয়ের একাধিক দাপুটে নেতা ও কর্মী। দলবদলকারীদের তালিকায় রয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানসহ স্থানীয় স্তরের একাধিক গুরুত্বপূর্ণ মুখ। নির্বাচনের ঠিক আগে দক্ষিণ ২৪ পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলায় এই দলবদল রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
এদিন দলবদল কর্মসূচি চলাকালীন নবাগতদের ‘স্বচ্ছ ভাবমূর্তির’ কর্মী হিসেবে অভিহিত করেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের কর্মীদের দলে নেওয়ার ফলে বিজেপির আদি কর্মীদের মধ্যে যাতে কোনো ক্ষোভ বা অন্তর্কলহ তৈরি না হয়, সেই কৌশলী অবস্থান থেকেই বিরোধী দলনেতা বারবার স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন। দলের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতেই এই বিশেষ শব্দচয়ন বলে মনে করা হচ্ছে।
ভোটের দামামা বাজার মুখে এই যোগদান ক্যানিং এলাকায় শাসক দলের সংগঠনের ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে, এই নতুন যোগদানের ফলে স্থানীয় স্তরে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেলেও আদি ও নব্যের দ্বন্দ্ব সামলানোই এখন গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। দ্রুত পরিবর্তনশীল এই রাজনৈতিক পরিস্থিতিতে ক্যানিং তথা গোটা রাজ্যের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।