TCS-এ সহকর্মীর অশ্লীল প্রস্তাব, অফিসের অন্দরে আর কী কী চলত? বিস্ফোরক অভিযোগ!

টিসিএস-এর নাসিক অফিসে মহিলা কর্মীদের যৌন হেনস্থা ও ধর্মান্তকরণের চাঞ্চল্যকর অভিযোগ
নাসিকে অবস্থিত টিসিএস (TCS)-এর অফিসে কর্মরত কর্মীদের বিরুদ্ধে যৌন নিগ্রহ, জোর করে ধর্মান্তকরণের চেষ্টা এবং চরম হেনস্থার মারাত্মক অভিযোগ উঠেছে। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের এক ভুক্তভোগী পুরুষ কর্মী অভিযোগ করেছেন, তাঁর টিম লিডার তাঁকে জোর করে অন্য ধর্মাচারের রীতি মানতে বাধ্য করতেন। এমনকি সন্তান লাভের প্রলোভন দেখিয়ে তাঁর স্ত্রীকে ওই টিম লিডারের কাছে পাঠানোর মতো অশালীন ও আপত্তিকর প্রস্তাবও দেওয়া হয়। ২০২২ সালে চাকরিতে যোগদানের পর থেকেই অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি, নিরামিষাশী ওই কর্মীকে জোর করে মাংস খাওয়ানোর চেষ্টা এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে নিয়মিত কটাক্ষ ও হেনস্থা করা হতো বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদ করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং টেবিল ফ্যান ছুড়ে মারা হয় বলে ওই কর্মীর দাবি।
শুধু পুরুষ কর্মীই নয়, ওই অফিসের এক ২৩ বছর বয়সী যুবতীও একই ধরনের হয়রানির অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, অভিযুক্তদের একজন তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিল। এছাড়াও তাঁকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান। ভুক্তভোগীদের দাবি, এসব ঘটনার বিষয়ে এইচআর ম্যানেজারের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অফিসের গ্রুপে জোর করে করা ধর্মাচরণের ছবি পাঠিয়ে হেনস্থা করার মতো অভিযোগও প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি ভুক্তভোগী পুরুষ কর্মীর বিরুদ্ধে হেড অফিসে মিথ্যা অভিযোগ দায়ের করার ঘটনাও ঘটেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।