ভোটবাক্সে নেই তালা, নেই কোনো সিল! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বাংলা

ভোটবাক্সে নেই তালা, নেই কোনো সিল! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বাংলা

দক্ষিণ দিনাজপুরে পোস্টাল ব্যালট গ্রহণ নিয়ে বিশৃঙ্খলা, উত্তপ্ত বালুরঘাট

ভোটের মুখে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ভোটার ও ভোটকর্মীদের একাংশের অভিযোগ, ভোটগ্রহণের সময় ব্যালট বাক্সে কোনো তালা, সিল বা গালার চিহ্ন ছিল না। খোলা বাক্সে ব্যালট জমা নেওয়ার পাশাপাশি বুথের ভেতরে অবাধে মোবাইল ফোনের ব্যবহার এবং ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বর রণক্ষেত্রে পরিণত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বালুরঘাট থানার আইসি, ডিএসপি এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে হাজির হন বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায় এবং তৃণমূলের শহর সহ-সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বাধীন কর্মী-সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী, অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপিই কমিশনকে ব্যবহার করে প্রহসন করছে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী স্কুল চত্বর থেকে বহিরাগতদের বের করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাটের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *