দেশজুড়ে শুরু জনগণনা! অমিত শাহর মেগা ঘোষণায় কি থাকছে জাতিগত গণনাও?

২০২৬-এর ডিলিমিটেশন বিল নিয়ে সংসদীয় বিতর্কের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গত ১ এপ্রিল থেকে দেশজুড়ে ২০২৭-এর জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি দেশের ইতিহাসে প্রথম ‘ডিজিটাল জনগণনা’ হতে যাচ্ছে, যেখানে ১৬টি ভাষায় মোবাইল অ্যাপের মাধ্যমে ১৬টি তথ্য সংগ্রহ করার পাশাপাশি সাধারণ মানুষ ‘সেলফ-এনুমারেশন’ বা স্ব-গণনার সুযোগ পাবেন। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাড়ি তালিকাভুক্তির (হাউস-লিস্টিং) কাজ শেষ হবে এবং ২০২৭-এর ফেব্রুয়ারিতে মূল জনসংখ্যা গণনা শুরু হবে।
অমিত শাহ আরও জানান, এবারের জনগণনায় নতুন সংযোজন হিসেবে ‘জাতিগত গণনা’র সংস্থান রাখা হয়েছে। এছাড়া ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিভিন্ন রাজ্যের উদ্বেগের প্রেক্ষিতে তিনি স্পষ্ট করেন যে, জনগণনার পর প্রতিটি রাজ্যের লোকসভা আসন বর্তমানের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারে এবং এতে দক্ষিণ ভারতের কোনো রাজ্যের আসন সংখ্যা কমবে না। উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালের জনগণনা পিছিয়ে যাওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর এই নতুন প্রক্রিয়ার সূচনা হলো, যা ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগেই ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার পথ প্রশস্ত করবে।