গেমারদের জন্য বড় খবর! ১ মে থেকেই বদলে যাচ্ছে অনলাইন গেমিংয়ের নিয়ম, কোন কোন অ্যাপের ওপর নামবে খাঁড়া?

গেমারদের জন্য বড় খবর! ১ মে থেকেই বদলে যাচ্ছে অনলাইন গেমিংয়ের নিয়ম, কোন কোন অ্যাপের ওপর নামবে খাঁড়া?

ভারতে অনলাইন গেমিংয়ের দুনিয়ায় বড়সড় কাঠামোগত পরিবর্তন আসতে চলেছে। আগামী ১ মে থেকেই কার্যকর হতে যাচ্ছে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রালয়ের নতুন নির্দেশিকা। মূলত ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট’ বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, এই নতুন নিয়মের মাধ্যমে দেশে একটি কেন্দ্রীয় অনলাইন গেমিং অথারিটি গঠনের পথ প্রশস্ত হবে।

নিয়ম সহজীকরণ ও শ্রেণিবিন্যাস

নতুন ব্যবস্থার অধীনে গেমগুলোকে তিনটি সুনির্দিষ্ট ভাগে ভাগ করা হবে। প্রথমত, গেমিং অথারিটি নিজেই নির্দিষ্ট কিছু গেমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দ্বিতীয়ত, ইস্পোর্টস গেমসের জন্য আলাদা বিধান থাকবে এবং তৃতীয়ত, কেন্দ্রীয় সরকার বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট কিছু গেমকে বিশেষ ক্যাটাগোরিতে তালিকাভুক্ত করতে পারবে। তবে স্বস্তির বিষয় হলো, যেসব গেমে আর্থিক লেনদেন বা বাজি ধরার বিষয় নেই, তাদের জন্য রেজিস্ট্রেশন আর বাধ্যতামূলক থাকছে না। তবে কোনো সংস্থা চাইলে স্বেচ্ছায় নিজেদের নিবন্ধিত করতে পারবে।

নিষেধাজ্ঞা ও ব্যবহারকারীর সুরক্ষা

সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ‘রিয়েল মানি গেম’ বা টাকা দিয়ে খেলা অনলাইন গেমগুলোর ওপর পূর্বের নিষেধাজ্ঞা বহাল থাকছে এবং এগুলোর ওপর নজরদারি আরও কঠোর হবে। অন্যদিকে, ইস্পোর্টস এবং সাধারণ অনলাইন গেমিংকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই নতুন নিয়মাবলি কার্যকর হলে সাধারণ গেমারদের তথ্য সুরক্ষা (ডেটা প্রোটেকশন) এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন আইটি সচিব এস কৃষ্ণন।

গত বছরের অক্টোবর মাসে এই নিয়ম পরিবর্তনের বিষয়ে জনসাধারণের মতামত চেয়েছিল সরকার। প্রায় আড়াই হাজার প্রতিক্রিয়া ও পরামর্শ বিশ্লেষণ করেই চূড়ান্ত এই রূপরেখা তৈরি করা হয়েছে। মূলত গেমিং ইন্ডাস্ট্রিকে একটি নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে আনতেই এই কড়াকড়ি।

এক ঝলকে

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

১ মে থেকে কার্যকর হচ্ছে অনলাইন গেমিংয়ের নতুন সরকারি নিয়ম।

টাকা দিয়ে খেলা গেম বা রিয়েল মানি গেমে নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে।

ইস্পোর্টস বাদে সাধারণ গেমের ক্ষেত্রে রেজিস্ট্রেশন এখন থেকে ঐচ্ছিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *