‘মূল্যবৃদ্ধির আগুন’! বাণিজ্যিক সিলিন্ডারের রেকর্ড দামবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক সিপিএমের

সাধারণ মানুষের পকেটে ফের টান। বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম এক ধাক্কায় রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিল সিপিএম। শনিবার দলের পলিটব্যুরোর তরফে জারি করা এক বিবৃতিতে এই দামবৃদ্ধিকে ‘নজিরবিহীন’ এবং ‘জনবিরোধী’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
এক ধাক্কায় ১০০০ টাকা বৃদ্ধি!
সিপিএমের দাবি, বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় এক হাজার টাকা বাড়িয়ে দেওয়া একটি চরম হঠকারী সিদ্ধান্ত। এর ফলে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বড়সড় সঙ্কটের মুখে পড়বে। পলিটব্যুরোর মতে, এই বর্ধিত মূল্যের দায়ভার শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপরেই এসে বর্তাবে, যার ফলে খাদ্যদ্রব্য-সহ বিভিন্ন পরিষেবার মূল্যবৃদ্ধি হবে অনিবার্য।
পলিটব্যুরোর আশঙ্কা ও হুঁশিয়ারি
দলের তরফে বিবৃতিতে একাধিক আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে:
- চরম মূল্যবৃদ্ধি: রান্নার গ্যাসের এই অস্বাভাবিক দামবৃদ্ধির ফলে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেবে।
- ক্ষুদ্র শিল্পের সংকট: বহু ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠান এই বাড়তি খরচ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে।
- ব্যাপক কর্মহীনতা: প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কয়েক লক্ষ মানুষ কাজ হারাবেন, যা দেশের বেকারত্ব সমস্যাকে আরও ভয়াবহ করে তুলবে।
আন্দোলনের রূপরেখা
মূল্যবৃদ্ধির এই ‘বোমা’র প্রতিবাদে সাধারণ মানুষকে সংগঠিত করে পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে দলের নিচুতলার কর্মীদের। সিপিএম নেতৃত্বের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অজুহাত দিয়ে অভ্যন্তরীণ বাজারে এই ভাবে লুট চালানো হচ্ছে। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম শিবির।
ভোটের ফল ঘোষণার ঠিক আগে এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চাইছে আলিমুদ্দিন, তা বলাই বাহুল্য। সোমবার গণনার ব্যস্ততার মধ্যেই রাজ্য তথা দেশজুড়ে বামেদের এই প্রতিবাদী কর্মসূচি কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।