গণনার দিন শাহী নজরদারি! এজেন্টদের ‘মাঠ’ ছাড়তে নিষেধ বনশল-শমীকের, কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই মেগা কাউন্টিংয়ের প্রস্তুতিতে বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দিল্লির হাই কমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বাংলার প্রতিটি জেলার গণনা প্রস্তুতির ওপর কড়া নজর রাখছেন।
ব্যক্তিগত তদারকিতে অমিত শাহ
বিজেপির অন্দরমহল সূত্রে খবর, ইভিএম খোলা থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি মুহূর্তের আপডেট সরাসরি শাহর দফতরে পৌঁছাবে। বিশেষ করে যে সব কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এজেন্টদের জন্য ‘কড়া’ নির্দেশিকা
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল এবং রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জেলাস্তরের এজেন্টদের একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছেন। সাফ জানানো হয়েছে:
- গণনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গণনাকেন্দ্র ছেড়ে বেরনো যাবে না।
- বিরোধী শিবিরের কোনো উস্কানি বা প্ররোচনায় পা দেওয়া চলবে না।
- ইভিএম বা ভিভিপ্যাট গণনায় সামান্যতম সন্দেহজনক কিছু দেখলেই তৎক্ষণাৎ তা লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানাতে হবে এবং শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট করতে হবে।
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই
স্ট্রং রুমের নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি তদারকি করতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। বাহিনীর মোতায়েন এবং গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা বজায় থাকছে কি না, সেদিকে তিনি নজর রাখছেন। প্রশাসনের ওপর চাপ বজায় রাখতেই তাঁর এই উপস্থিতি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এজেন্টদের চূড়ান্ত প্রশিক্ষণ
শনিবার দিনভর জেলাজুড়ে বিজেপির গণনা এজেন্টদের চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনা থেকে শুরু করে কারিগরি দিকগুলোতে কীভাবে সজাগ থাকতে হবে, তার ‘লাস্ট মিনিট টিপস’ দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। মূলত ২০২১-এর অভিজ্ঞতায় শান দিয়ে এবার কোনো খামতি রাখতে নারাজ গেরুয়া শিবির।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।