রেকর্ড গড়ছে সোনা, আমদানি শুল্ক বাড়ায় ভরি ছাড়াতে পারে ২ লাখ টাকা!

দেশের বাজারে আকাশছোঁয়া হতে চলেছে সোনা ও রুপোর দাম। কেন্দ্রীয় সরকার সোনা ও রুপোর ওপর আমদানি শুল্ক একধাক্কায় ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সাধারণ মানুষের গয়না কেনার খরচ কয়েক গুণ বাড়বে। নতুন নিয়ম অনুযায়ী, সোনার ওপর ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি এবং ৫ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস চাপানো হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাবে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ২০ হাজার টাকার গণ্ডি পার করার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে ১০ গ্রামের বাজারদর ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
আমদানি শুল্ক বৃদ্ধির নেপথ্যে সরকারের কৌশল
কেন্দ্রীয় সরকারের এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার রক্ষা করা এবং ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে আনা। ভারত তার প্রয়োজনীয় সোনার প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে, যার মূল্য ডলারে পরিশোধ করতে হয়। বর্তমানে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার রেকর্ড পতনের ফলে বিদেশি মুদ্রার ভাণ্ডারে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতেই সরকার সোনা আমদানিতে নিরুৎসাহিত করছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে আগামী এক বছর সোনা কেনা এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
বাজার ও শিল্পে সম্ভাব্য নেতিবাচক প্রভাব
আচমকা শুল্ক বৃদ্ধির ফলে গয়না শিল্পে বড় ধরনের মন্দার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, চড়া দামের কারণে বাজারে সোনার চাহিদা ব্যাপকভাবে হ্রাস পাবে। বর্তমান বাজারে এমনিতেই সোনার দাম সাধারণের নাগালের বাইরে, তার ওপর নতুন করে গ্রাম প্রতি ৬-৭ হাজার টাকা বৃদ্ধি পেলে মধ্যবিত্তের জন্য সোনা কেনা আসাম্ভব হয়ে পড়বে। শিল্প বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, শুল্কের এই বিশাল পার্থক্যের কারণে দেশে সোনার চোরাচালান বা স্মাগলিং বৃদ্ধি পাওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।