জ্বালানি বাঁচাতে মোদীর পথে শুভেন্দু, কাটছাঁট করা হলো মুখ্যমন্ত্রীর কনভয়েও

পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই দৃষ্টান্ত অনুসরণ করে এবার নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার ১৩ মে থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত
আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি এবং সরবরাহ ব্যবস্থার সংকটে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার পরামর্শ দেন। শুধুমাত্র বার্তার মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত জীবনেও তা কার্যকর শুরু করেছেন। হায়দরাবাদ, ভদোদরা এবং গুয়াহাটি সফরে প্রধানমন্ত্রীর কনভয়ে আগের তুলনায় অনেক কম গাড়ি দেখা গেছে। প্রধানমন্ত্রীর এই মিতব্যয়িতার বার্তা ছড়িয়ে দিতেই সাম্প্রতিক গুজরাত ও আসাম সফরেও সীমিত সংখ্যক গাড়ি ব্যবহার করা হয়।
শুভেন্দুর সিদ্ধান্তে নতুন কর্মপরিকল্পনা
মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত একটি বিশেষ কর্মপরিকল্পনা তুলে দেওয়া হয়। ওই নির্দেশিকায় বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো এবং ভার্চুয়াল বৈঠকের ওপর জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই আহবানে সাড়া দিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর কনভয়ে কাটছাঁট করার নির্দেশ দিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার জন্য যেটুকু গাড়ি একান্ত প্রয়োজন, শুধুমাত্র সেটুকুই কনভয়ে রাখা হবে। তবে কনভয় ছোট করা হলেও মুখ্যমন্ত্রীর সুরক্ষায় কোনো আপস করা হচ্ছে না। সমস্ত বাধ্যতামূলক নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবেই পালন করা হবে। এই পদক্ষেপের ফলে একদিকে যেমন সরকারি জ্বালানি খরচ কমবে, অন্যদিকে সাধারণ মানুষের কাছেও সাশ্রয়ের একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।