‘কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে!’ চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে!’  চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

“বাংলায় কোনো ধরনের পাথরবাজি বরদাস্ত করা হবে না। পুলিশের গায়ে হাত লাগলে পুলিশমন্ত্রী হিসেবে আইনত যতদূর যেতে হয়, আমি ততদূরই যাব।” পার্ক সার্কাসের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর সোমবার কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডিসি অফিসে এসে আক্রান্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন লালবাজারের নিচুতলার কর্মীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, রাজ্যে ক্ষমতার সাথে সাথে প্রতিবাদের নামে গুণ্ডাগিরি করার চেনা নিয়মও সম্পূর্ণ বদলে গিয়েছে।

আগের সরকারের নিয়ম ভুলুন, পার্ক সার্কাসে দাঁড়িয়ে কড়া বার্তা

ডসি অফিসে পুলিশ আধিকারিকদের সাথে দীর্ঘ বৈঠক সেরে সরাসরি অশান্তি কবলিত পার্ক সার্কাস এলাকায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে সমাজবিরোধীদের উদ্দেশ্যে এক কড়া ও নজিরবিহীন বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন:

“আপনারা যদি মনে করেন রাজ্যে এখনো আগের সরকার আছে এবং আগের নিয়মেই পার পেয়ে যাবেন, তাহলে খুব বড় ভুল করছেন। কাশ্মীরে যেভাবে পাথর ছোড়া চিরতরে বন্ধ হয়েছে, ঠিক সেইভাবেই এই বাংলায়ও পাথরবাজি সম্পূর্ণ বন্ধ হবে। আইন নিজের হাতে তুলে নিলে প্রশাসন রেয়াত করবে না।”

পুলিশের মনোবল বাড়াতে খোদ পুলিশমন্ত্রী ময়দানে

রবিবার পার্ক সার্কাস এলাকায় উস্কানিমূলক জমায়েত থেকে কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে যেভাবে ইঁট-পাথর বৃষ্টি করা হয়েছিল, তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। নতুন সরকার ক্ষমতায় আসার পর কলকাতার বুকে খোদ পুলিশের ওপর এই ধরনের হামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে নবান্ন।

এই কারণেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজে ডিসি অফিসে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার পূর্ণ আশ্বাস দেন। এই ঘটনায় ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর এই অনমনীয় মনোভাব এবং কাশ্মীরের সাথে তুলনা টেনে দেওয়া কড়া বার্তা রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নতুন সরকারের কঠোর প্রশাসনিক সঙ্কল্পকেই আরও একবার স্পষ্ট করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *