স্মার্টফোনের দাপটে কি কমছে মগজের ধার, হাতের লেখাই কি তবে বুদ্ধির আসল চাবিকাঠি!

ডিজিটাল যুগের তীব্র গতিতে কলম আর খাতার ঐতিহ্যবাহী জায়গা দখল করে নিয়েছে কিবোর্ড, ট্যাব আর টাচস্ক্রিন। অফিসের গুরুত্বপূর্ণ নোট থেকে শুরু করে ক্লাসরুমের পড়াশোনা—সব কিছুই এখন দ্রুত টাইপ করে নেওয়ার অভ্যাস তৈরি হয়েছে। তবে প্রযুক্তির এই অতি-ব্যবহারের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন গবেষকেরা। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা জানাচ্ছে, টাইপিংয়ের চেয়ে হাতে লেখার অভ্যাস আমাদের মস্তিষ্ককে অনেক বেশি সক্রিয় ও কার্যক্ষম করে তোলে, যা প্রকারান্তরে মগজের জড়তা দূর করতে সাহায্য করে।
নরওয়ের স্নায়ুবিজ্ঞানী অ্যাড্রে এল. এইচ. ভ্যান ডার মেয়ারের পরিচালনায় এবং ‘ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, হাতে লেখার অভ্যাস মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে অত্যন্ত নিবিড় ও সক্রিয় সংযোগ তৈরি করে। ৩৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর চালানো এই গবেষণায় হাই-ডেনসিটি ইইজি স্ক্যানের মাধ্যমে দেখা গেছে, ডিজিটাল পেন দিয়ে লেখার সময় শিক্ষার্থীদের মস্তিষ্কে থিটা ও আলফা ব্রেন ওয়েভের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই বিশেষ ব্রেন ওয়েভগুলো মানুষের মনোযোগ, ভাষা অনুধাবন, শারীরিক নড়াচড়া এবং স্মৃতিশক্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত।
কেন টাইপিংয়ের চেয়ে হাতের লেখা এগিয়ে
বিজ্ঞানীদের মতে, হাতে লেখা একটি জটিল শারীরিক ও মানসিক প্রক্রিয়া। যখন একজন মানুষ কলম বা ডিজিটাল পেন দিয়ে লেখেন, তখন তাঁর চোখের দৃষ্টি, আঙুলের সূক্ষ্ম নড়াচড়া, হাতের নিয়ন্ত্রণ, স্পর্শের অনুভূতি এবং অক্ষরের গঠন শৈলী—সবকিছু একসঙ্গে কাজ করে। এই সমন্বিত প্রক্রিয়াটি মস্তিষ্কে একটি শক্তিশালী ‘সেন্সরিমোটর’ সংযোগ তৈরি করে। অন্যদিকে, কিবোর্ডে টাইপ করার সময় কেবল একই ধরনের বোতাম বারবার চাপতে হয়, যেখানে নতুন কোনো অক্ষরের গঠন তৈরি করতে হয় না। ফলে টাইপিংয়ের ক্ষেত্রে মস্তিষ্কের কর্মক্ষমতা এবং সক্রিয়তা তুলনামূলকভাবে অনেক কম থাকে।
শিক্ষণ ও স্মৃতিশক্তিতে গভীর প্রভাব
গবেষণায় আরও দেখা গেছে যে, হাতের লেখার তুলনামূলক ধীর গতি আসলে মানুষের শেখার প্রক্রিয়ার জন্য অত্যন্ত সহায়ক। মানুষ যখন হাত দিয়ে লেখে, তখন তাকে তথ্যটি প্রথমে বুঝতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং মনোযোগ দিয়ে গ্রহণ করতে হয়। এর ফলে বানান শেখা সহজ হয়, তথ্য দীর্ঘদিন মনে থাকে এবং বিষয়বস্তু গভীরভাবে অনুধাবন করা সম্ভব হয়।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনে দ্রুত যোগাযোগ ও দাপ্তরিক কাজের জন্য টাইপিংয়ের গুরুত্ব অপরিসীম হলেও, নতুন কিছু শেখা এবং মনে রাখার জন্য হাতের লেখার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই অভ্যাস বজায় রাখা জরুরি, কারণ এটি সরাসরি তাদের মস্তিষ্কের বিকাশ ও মেধার ভিত মজবুত করে। তবে এই উপকারিতা কেবল ঐতিহ্যবাহী খাতা-কলমেই সীমাবদ্ধ নয়; ডিজিটাল ট্যাবে স্টাইলাসের মাধ্যমে অক্ষর গঠন করে লিখলেও মস্তিষ্কে সমপরিমাণ ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।