পড়াশোনার চাপে পিষ্ট শৈশব, বিপদের এই ৫ লক্ষণ চিনে আজই সতর্ক হোন

পড়াশোনার চাপে পিষ্ট শৈশব, বিপদের এই ৫ লক্ষণ চিনে আজই সতর্ক হোন

প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে শামিল হতে গিয়ে শৈশবেই থাবা বসাচ্ছে মানসিক ক্লান্তি। পড়াশোনা, নাচ, গান, ছবি আঁকার মতো একগচ্ছ দায়িত্ব সামলাতে গিয়ে তীব্র উদ্বেগ ও অবসাদে ভুগছে শিশুরা। বকাবকি বা শাস্তির ভয়ে অনেকেই মনের কথা মুখে বলতে পারে না, যা দীর্ঘস্থায়ী উৎকণ্ঠায় রূপ নিচ্ছে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মানসিক চাপ শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক গঠন, বুদ্ধির বিকাশ ও স্মৃতিশক্তিকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

ইউনিসেফের সমীক্ষা অনুযায়ী, মাত্রাতিরিক্ত উদ্বেগের কারণে শিশুরা অসহিষ্ণু হয়ে পড়ছে। এতে ভবিষ্যতে তাদের সামাজিক মেলামেশায় সমস্যা তৈরি হতে পারে, এমনকি তারা জড়িয়ে পড়তে পারে নানা অপরাধমূলক কাজেও। অথচ অনেক অভিভাবকই শিশুর এই আচরণগত পরিবর্তনকে কেবল ‘অমনোযোগিতা’ ভেবে ভুল করছেন এবং ভুলবশত অতিরিক্ত শাসন করছেন। চিকিৎসকদের মতে, এই অবহেলা ও অতিরিক্ত শাসন শিশুকে ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিজ়অর্ডার’ (এডিএইচডি)-এর দিকে ঠেলে দিতে পারে।

যে ৫টি লক্ষণ দেখলে অবিলম্বে সতর্ক হবেন

  • ক্রমাগত মাথা ও পেটে যন্ত্রণা: মানসিক চাপ সরাসরি শরীরে প্রভাব ফেলে। পড়তে বসার আগে বা স্কুলে যাওয়ার সময় নিয়মিত মাথা ও পেটে ব্যথার অজুহাত, পরীক্ষা দেওয়ার আগে আতঙ্ক বা বমি করার মতো লক্ষণ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। স্কুল বা সহপাঠীদের কাছ থেকে কোনো হেনস্থার শিকার হয়ে মনে ভীতি তৈরি হলেও এমনটা হতে পারে।
  • ঘুমের তীব্র সমস্যা: শিশুদের জন্য দৈনিক ৮ থেকে ৯ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম অত্যন্ত জরুরি। শারীরিক ক্লান্তি সত্ত্বেও রাতে ঘুম না আসা, বিছানায় ছটফট করা কিংবা রাতে দুঃস্বপ্ন দেখে বারবার জেগে ওঠা গভীর মানসিক উদ্বেগের লক্ষণ।
  • হঠাৎ খিটখিটে মেজাজ: পড়াশোনার চাপ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন শিশুরা আচরণে নেতিবাচকতা প্রকাশ করে। সামান্য কারণে অতিরিক্ত রেগে যাওয়া, চিৎকার করা, জিনিসপত্র ছুড়ে ফেলা, কথায় কথায় তর্ক করা কিংবা অবাধ্য হয়ে ওঠা এর অন্যতম বহিঃপ্রকাশ।
  • সবাইকে এড়িয়ে চলার প্রবণতা: সদা চঞ্চল ও খেলাধুলো প্রিয় শিশু যদি হঠাৎ নিজেকে গুটিয়ে নেয়, বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে মেলামেশা বন্ধ করে একা থাকতে শুরু করে, তবে বুঝতে হবে সে অবসাদে ভুগছে। পরীক্ষায় কম নম্বর পেলে বা ছোটখাটো ভুলে অতিরিক্ত ভেঙে পড়াও এর লক্ষণ।
  • পছন্দের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা: ছবি আঁকা, গান বা আবৃত্তির মতো পছন্দের কাজগুলো থেকে শিশু যদি মুখ ফিরিয়ে নেয় এবং সব সময় উদাসীন থাকে, তবে তা অবসাদের প্রাথমিক লক্ষণ। আত্মবিশ্বাস হারিয়ে ফেলা বা তীব্র হীনম্মন্যতায় ভোগার কারণে শিশুরা অনেক সময় সদ্য ঘটা ঘটনাও ভুলে যেতে শুরু করে।

দেরি হয়ে যাওয়ার আগেই অভিভাবকদের এই আচরণগত পরিবর্তনগুলো চিহ্নিত করতে হবে। শাসন বা তিরস্কার না করে, সহানুভূতির সাথে শিশুর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *