আইপিএলের শেষ চারে ওঠার মহাযুদ্ধ, তিন দলের ভাগ্য নির্ধারণ করবে জটিল নেট রানরেট!

আইপিএল ২০২৬-এর লিগ পর্বের শেষ লগ্নে এসে প্লে-অফের টিকিট পাওয়ার লড়াই এখন চূড়ান্ত উত্তেজনায় রূপ নিয়েছে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ দুইয়ে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে শুভমন গিলের গুজরাট টাইটান্স। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারলেও দুর্দান্ত নেট রানরেটের সৌজন্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হায়দরাবাদ লিগ শেষ করেছে তিন নম্বরে। প্রথম তিনটি জায়গার ফয়সালা হয়ে গেলেও চতুর্থ স্পটের জন্য এখন রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
রাজস্থান, পাঞ্জাব ও কলকাতার সমীকরণ
আগামী রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। প্লে-অফে সরাসরি কোয়ালিফাই করতে হলে সঞ্জু স্যামসনদের এই মরণ-বাঁচন ম্যাচে জিততেই হবে। যদি রাজস্থান হেরে যায়, তাহলেও একটি ক্ষীণ সমীকরণে তারা শেষ চারে যেতে পারে। তার জন্য লখনউ সুপার জায়ান্টসকে হারাতে হবে পাঞ্জাব কিংসকে এবং লিগের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হবে কেকেআরকে।
অন্যদিকে, শনিবারের ম্যাচে লখনউকে হারালে এবং রবিবার মুম্বইয়ের কাছে রাজস্থান হারলে পাঞ্জাবের সামনে বড় সুযোগ থাকবে। তবে কেকেআর এবং পাঞ্জাব দুজনেই যদি নিজেদের শেষ ম্যাচে জিতে যায় এবং রাজস্থান ১৪ পয়েন্টে আটকে থাকে, তবে নেট রানরেটের যুদ্ধ শুরু হবে। এই মুহূর্তে রানরেটের বিচারে কলকাতার (+০.০১১) চেয়ে বেশ খানিকটা সুবিধাজনক জায়গায় রয়েছে পাঞ্জাব (+০.২২৭)। ধরা যাক, শনিবার লখনউকে পাঞ্জাব যদি ১০ রানে হারায়, তবে ১৫ পয়েন্টের পাশাপাশি তাদের রানরেট গিয়ে দাঁড়াবে +০.২৪৬-এ। শ্রেয়স আইয়ারদের কেকেআর যদি পাঞ্জাবের এই রানরেটকে টপকে শেষ চারে যেতে চায়, তবে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অন্তত ৬১ রানে জিততে হবে নাইটদের, অথবা প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যমাত্রা মাত্র ১৩.৫ ওভারের মধ্যেই তাড়া করে ম্যাচ জিততে হবে।
সরাসরি প্লে-অফে যাওয়ার সুযোগ এবং দিল্লির অলৌকিক অঙ্ক
কোনওরকম রানরেটের জটিল অঙ্ক ছাড়াই পাঞ্জাব কিংস সরাসরি প্লে-অফে চলে যাবে যদি পাঞ্জাব লখনউকে হারায় এবং মুম্বই ও দিল্লি যথাক্রমে রাজস্থান ও কেকেআরকে হারিয়ে দেয়। একইভাবে, কেকেআর সরাসরি শেষ চারে যাবে যদি লখনউ পাঞ্জাবকে হারায়, মুম্বই রাজস্থানকে হারায় এবং কেকেআর নিজেদের শেষ ম্যাচে দিল্লিকে পরাজিত করতে পারে।
খাতায়-কলমে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের সামনেও একটি অবিশ্বাস্য সমীকরণ রয়েছে। যদি পাঞ্জাব ও কেকেআর দুজনেই বাকি ম্যাচ হেরে ১৩ পয়েন্টে থমকে যায় এবং রাজস্থান ও দিল্লি দুজনেই ১৪ পয়েন্টে শেষ করে, তবেই দিল্লির সুযোগ আসবে। কিন্তু দিল্লির সবচেয়ে বড় কাঁটা তাদের অত্যন্ত দুর্বল নেট রানরেট (-০.৮৭১)। রাজস্থানকে টপকে দিল্লির অলৌকিক কোয়ালিফিকেশনের জন্য মুম্বইকে যেমন রাজস্থানকে ১০০ রানের ব্যবধানে হারাতে হবে, তেমনই শেষ ম্যাচে কেকেআর-কে অন্তত ১২৯ রানের ব্যবধানে হারাতে হবে ঋষভ পন্থদের। ক্রিকেট মহলের মতে, এই সমীকরণ মেলানো কার্যত আসাম্ভব। ফলে মূল লড়াইটি এখন রাজস্থান, পাঞ্জাব ও কলকাতার মধ্যেই সীমাবদ্ধ।