ভারী ব্যাগের বোঝায় আর নুইয়ে পড়বে না শৈশব! হোমওয়ার্কের চাপ কমাতেও ঐতিহাসিক নির্দেশিকা রাজ্যের

ভারী ব্যাগের বোঝায় আর নুইয়ে পড়বে না শৈশব! হোমওয়ার্কের চাপ কমাতেও ঐতিহাসিক নির্দেশিকা রাজ্যের

স্কুলপড়ুয়াদের কাঁধ থেকে বই-খাতার অতিরিক্ত বোঝা সরাতে এবং মানসিক চাপ কমাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। কেন্দ্রীয় শিক্ষা দফতরের সঙ্গে যৌথভাবে জাতীয় শিক্ষা নীতির (এনইপি) আওতায় স্কুল ব্যাগের ওজন নিয়ন্ত্রণে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে কড়াকড়ি করা হয়েছে হোমওয়ার্ক বা বাড়ির কাজের ক্ষেত্রেও। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নতুন বিধি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই জটিল সমস্যার সমাধানে সরকারের এমন হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষা মহলের একাংশ।

ওজনের নির্দিষ্ট সীমা এবং হোমওয়ার্কের নতুন নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর স্কুল ব্যাগের ওজন তার নিজের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের জন্য স্কুল ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ব্যাগের সর্বোচ্চ ওজন ২ কেজি ২০০ গ্রাম, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আড়াই কেজি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ২ থেকে ৩ কেজি, অষ্টম শ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ ৪ কেজি, নবম ও দশম শ্রেণীর জন্য সাড়ে ৪ কেজি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যাগের ওজন সর্বোচ্চ ৫ কেজি নির্ধারণ করা হয়েছে।

মানসিক চাপ কমাতে হোমওয়ার্কের ক্ষেত্রেও আনা হয়েছে বড় বদল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সপ্তাহে সর্বোচ্চ ২ ঘণ্টা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে দিনে ১ ঘণ্টা এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা বাড়ির কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শারীরিক স্বস্তি ও পড়াশোনার অনুকূল পরিবেশ সৃষ্টি

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজনের ব্যাগ বহনের ফলে কোমলমতি শিক্ষার্থীদের পিঠ ও ঘাড়ে ব্যথা এবং মেরুদণ্ডের নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল। এই নতুন নিয়মের ফলে শিশুরা শারীরিক ক্ষতি থেকে রক্ষা পাবে। অন্যদিকে, নিয়মতান্ত্রিক হোমওয়ার্কের কারণে পড়াশোনার অতিরিক্ত মানসিক চাপ দূর হবে, যা শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশে এবং একটি স্বস্তিদায়ক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

বাড়ল গরমের ছুটিও

শিক্ষার্থীদের বাড়তি স্বস্তি দিতে এই নির্দেশিকার পাশাপাশি স্কুলের গরমের ছুটির মেয়াদও বাড়িয়েছে নতুন সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। আগামী ১ জুন থেকে পুনরায় স্কুল খুলবে। মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ইতিমিধ্যেই এই নির্দেশ পাঠানো হয়েছে, যা শিক্ষার্থীদের তীব্র গরমের ক্লান্তি থেকে দীর্ঘমেয়াদী স্বস্তি দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *