ক্যারিয়ারের কঠিন দিন ও টলিপাড়ার রাজনীতি নিয়ে অকপট রুদ্রনীল!

ক্যারিয়ারের কঠিন দিন ও টলিপাড়ার রাজনীতি নিয়ে অকপট রুদ্রনীল!

নিজস্ব প্রতিনিধি: টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রুদ্রনীল ঘোষ বরাবরই তাঁর স্পষ্টভাষী মনোভাবের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অন্ধকার অধ্যায় এবং ইন্ডাস্ট্রির অন্দরের কঠিন বাস্তব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এক সময় যে অভিনেতা ছিলেন টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ, তিনি কীভাবে কাজ হারালেন এবং চরম সংকটের দিনে কাছের বন্ধুদের কাছ থেকেও দূরত্ব অনুভব করলেন, সেই গল্পই উঠে এসেছে তাঁর কণ্ঠে।

অ্যাকাউন্টে ৫৬ টাকা ও বন্ধুদের ভোলবদল

জীবনের শুরুর দিকের এবং স্ট্রাগলের দিনগুলোর কথা মনে করে আবেগপ্রবণ রুদ্রনীল জানান, এক সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৫৬ টাকা অবশিষ্ট ছিল। সেই চরম দুঃসময়ে তিনি দেখেছেন মানুষের আসল রূপ। তিনি জানান, বন্ধুত্বের নামে যে মানুষগুলো একসময় পাশে ছিল, অর্থকষ্টের সময় তাদের অনেকেই দূরত্ব বজায় রেখে চলতে শুরু করে। এমনকি ব্যক্তিগত বা সামাজিক অনুষ্ঠানেও তাকে আর নেমন্তন্ন করা হতো না। অভাবের সময় মানুষের এই পরিবর্তিত আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছিল।

টলিপাড়ায় কাজ হারানো ও পরমব্রতর সঙ্গে দূরত্ব

সাক্ষাৎকারে রুদ্রনীল অভিযোগ করেন যে, মতাদর্শগত পরিবর্তনের পর থেকেই টলিপাড়ার একটি বড় অংশ তাকে কার্যত বয়কট করতে শুরু করে। পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্পর্কের টানাপোড়েন এবং ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হওয়ার প্রসঙ্গটিও তিনি এড়িয়ে যাননি। রুদ্রনীলের দাবি, অভিনয় ও রাজনীতির সংঘাতের জেরে তাকে পরিকল্পিতভাবে অনেক কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ারের শিখরে থাকা অবস্থায় এই ‘অসহযোগিতা’ তাকে মানসিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছিল।

ঘুরে দাঁড়ানোর লড়াই

সব বাধা সত্ত্বেও রুদ্রনীল লড়াই থামাননি। তিনি মনে করেন, শিল্পীর কোনো নির্দিষ্ট রাজনৈতিক তকমা থাকা উচিত নয়, তবুও তাকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে। রুদ্রনীল বলেন, “আমি কিছুই পাইনি, লড়াই করে সব অর্জন করতে হয়েছে।” প্রতিকূলতা সত্ত্বেও তিনি অভিনয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন এবং নতুন করে টলিপাড়ার পরিবেশ পরিবর্তনের ডাক দিয়েছেন। রুদ্রনীল জানিয়েছেন, শিল্পীদের কাজের পরিবেশ, সংগঠনের ভূমিকা এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির কারণে আজকের তরুণ শিল্পীরাও অনেক সময় ভয়ের মধ্যে থাকেন। তিনি চান, ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে উঠে ইন্ডাস্ট্রি যেন মেধাকে সম্মান করতে শেখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *