রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে কড়া হাওড়া পুলিশ! মঙ্গলাহাটের পর এবার ‘ময়দানে’ নামল ট্রাফিক গার্ড

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলাহাটের পর এবার হাওড়া ময়দান সংলগ্ন জিটি রোড ও ফুটপাত দখল করে বসা অস্থায়ী দোকানিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পুলিশ। বুধবার দুপুরে হাওড়া ট্রাফিক গার্ডের তরফে জিটি রোড এবং সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ঘুরে ঘুরে মাইকিং করে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তা কিংবা ফুটপাত দখল করে আর কোনোভাবেই ব্যবসা করা যাবে না। একই সঙ্গে যত্রতত্র বেআইনি বাইক বা গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
যানজট ও পথচারীদের দুর্ভোগ রুখতে পুলিশি তৎপরতা
হাওড়া সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ট্রাফিক গার্ডের অধীন জি টি রোড, নেতাজি সুভাষ রোড, বনবিহারী বোস রোড, পি কে ব্যানার্জি রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরেই ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে অস্থায়ী দোকানপাট চালানো হচ্ছিল। এর ওপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো যোগ হয়েছে যত্রতত্র বাইক ও গাড়ি পার্কিংয়ের সমস্যা। ফলে এই অত্যন্ত ব্যস্ত রাস্তাগুলি ক্রমশ সংকীর্ণ হয়ে পড়েছে এবং দিনের বেশিরভাগ সময় হাওড়া ময়দান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে অফিস টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, ফুটপাত সম্পূর্ণ অচল হয়ে থাকায় সাধারণ পথচারীদের বাধ্য হয়ে প্রাণহাতে নিয়ে মূল রাস্তা দিয়েই হাঁটাচলা করতে হচ্ছিল, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। সেকারণেই যানজট নিয়ন্ত্রণে আনা এবং পথচারীদের হাঁটাচলার পথ সুগম করতে এবার ‘অল আউট’ অভিযানে নামছে ট্রাফিক পুলিশ।
মাইকিং করে চরম হুঁশিয়ারি, আইন ভাঙলে গ্রেফতারির ইঙ্গিত
বুধবার দুপুরে ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে ব্যবসায়ী ও গাড়িচালকদের কড়া হুঁশিয়ারি দেন। মাইকিংয়ে জানানো হয়, রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে নো-পার্কিং জোনে বা রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি ও বাইক পার্কিং করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে খবর, আপাতত প্রথম দফায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হলেও, আগামী দিনে নির্দিষ্ট সময়সীমার পর সরাসরি উচ্ছেদ অভিযান চালিয়ে আইনভঙ্গকারীদের গ্রেপ্তারও করা হতে পারে।
ব্যবসায়ী মহলে ছড়াল তীব্র উদ্বেগ
প্রসঙ্গতঃ উল্লেখ্য, এর আগেই হাওড়া ময়দানের মঙ্গলাহাট এলাকায় বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছিল পুলিশ। সেখানে আইন অমান্য করে রাস্তা ও ফুটপাতে ব্যবসা করার অভিযোগে হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলাহাটের সেই রেশ কাটতে না কাটতেই এবার জি টি রোড ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পুলিশের এই কড়া অবস্থানের ইঙ্গিত মিলতেই অস্থায়ী দোকানদারদের মধ্যে নতুন করে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। ট্রাফিক পুলিশের স্পষ্ট বার্তা— সতর্ক করার পরেও যদি বেআইনি দখলদারি বা অবৈধ পার্কিং চলতে থাকে, তবে মঙ্গলাহাটের মতোই কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।