মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা নিয়ে দিল্লি যাচ্ছেন শুভেন্দু, আজই চূড়ান্ত সিলমোহর?

মন্ত্রীসভা গঠনের চূড়ান্ত রূপরেখা ঠিক করতে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ ও নতুন মন্ত্রীদের তালিকা নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।
মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতি
সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যেতে পারেন। রাজ্য সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে এবং নতুন মন্ত্রীদের সম্ভাব্য তালিকাও চূড়ান্ত করা হয়েছে। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী এবং তাঁর কয়েকজন সহকর্মী মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও, তখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয়নি। আগামী ২২ জুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে প্রশাসনিক দায়িত্ব সুসংহত করতে এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন অত্যন্ত জরুরি বলে মনে করছে রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের শুরুর দিকেই নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন।
দিল্লি সফরের আগে মায়াপুরে মুখ্যমন্ত্রী
দিল্লি যাত্রার প্রাক্কালে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মায়াপুরের ইস্কন মন্দিরে পরিদর্শন করেন। ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে মায়াপুরে পৌঁছে তিনি মন্দিরের গোশালায় বিশেষ পুজো দেন এবং সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় ও বৈঠকে অংশ নেন। মায়াপুরে তাঁকে বরণ করে নেওয়া হয় কীর্তনের মাধ্যমে। উল্লেখ্য, বুধবার রাজভবনে রাজ্যপাল আরএন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় বৈঠক করেন এবং সেখানে মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাব্য খসড়া তালিকা হস্তান্তর করেছেন বলেও শোনা যাচ্ছে।